ক্রিকেট লিগ শুরুর উদ্যোগ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, আগামী ২০ মে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরু করার তারিখ নির্ধারণ করা হবে।
সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা ক্লাবগুলোর সঙ্গে বসে কবে নাগাদ প্রিমিয়ার ডিভিশন লিগের খেলা শুরু করা সম্ভব তা নিয়ে ইতিবাচক আলোচনা করেছি।”
“বর্তমান সমস্যার সমাধান এবং ক্রিকেটারদের স্বার্থ রক্ষা করে লিগ শুরু করার ব্যাপারে সবাই একমত। কিছু খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। এসব প্রস্তাব চূড়ান্ত করে ৭ দিন পর লিগ শুরুর সময়সূচী ও প্রক্রিয়া সম্পর্কে বিসিবি জানাবে।”
আগামী মৌসুম থেকে ঢাকা প্রিমিয়ার লিগকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়ার কথা জানিয়ে বিসিবি সভাপতি বলেন, “জুনের মাঝামাঝি লিগ শুরু হতে পারে। আগামী বছর পাঁচটি নতুন ভেন্যু যোগ হবে বলে মাঠের সমস্যা থাকবে না। আগামীতে ক্রিকেট-পঞ্জিকা করার সময় ঢাকা লিগকেই আমরা সবচেয়ে গুরুত্ব দেব।”
নাজমুল হাসান আরো বলেন, “গত প্রিমিয়ার লিগ বিভিন্ন কারণে বারবার বাধাগ্রস্ত হয়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ক্লাবগুলো। এবার সেই সমস্যার পুনরাবৃত্তি বন্ধ করতে বিসিবি একটি পূর্ণাঙ্গ প্রস্তাব দেবে।”
সর্বশেষ প্রিমিয়ার লিগ ২০১১ সালের ২৯ ডিসেম্বর শুরু হয়ে ৮ জুন শেষ হয়েছিল।
বিপিএলের মতো লিগেও ক্রিকেটারদের শ্রেণীবিভাগ ও বেতন কাঠামো করার ইঙ্গিত দিয়ে বিসিবি সভাপতি জানান, “ক্রিকেটারদের স্বার্থ রক্ষা করে এই সিদ্ধান্ত নেয়া হবে। আমার মনে হয় এর ফলে ৯৫ শতাংশ ক্রিকেটারই খুশি হবে। আমরা সব কিছুর লিখিত চুক্তি করতে চাই। খেলোয়াড়রা যেন প্রাপ্য টাকা পায় তা যেমন নিশ্চিত করতে হবে, তেমনি ক্লাবগুলোর ওপরে যেন খুব বেশি চাপ না পড়ে তা-ও দেখতে হবে।”
সংবাদ সম্মেলনে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) সভাপতি জালাল ইউনুস ও ক্লাব প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
