আশা বাঁচিয়ে রাখল হায়দ্রাবাদ
পার্থিব প্যাটেলের অর্ধশতকে শনিবার আইপিএলের দ্বিতীয় ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবকে ৩০ রানে হারিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ।
১৩ ম্যাচে হায়দ্রাবাদের এটা অষ্টম জয়। ১৬ পয়েন্ট নিয়ে রান রেটে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পেছনে পঞ্চম স্থানে আছে তারা। সমান ম্যাচে ১০ পয়েন্ট সংগ্রহ করা পাঞ্জাবের অবস্থান ষষ্ঠ স্থানে।
মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৫০ রান করে হায়দ্রাবাদ। জবাবে ৯ উইকেট হারিয়ে ১২০ রানে থেমে যায় পাঞ্জাবের ইনিংস।
লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় উইকেটে অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্টের (২৬) সঙ্গে শন মার্শের (১৮) ৪৪ রানের জুটির পরও ৫১ রানে ৪ উইকেট হারিয়ে অস্বস্তিতে পড়ে পাঞ্জাব।
পঞ্চম উইকেটে রাজাগোপাল সতীশের (২৫) সঙ্গে লুক পুমার্সবাচের (৩৩*) ৫১ রানের জুটি পাঞ্জাবকে খেলায় ফেরার। কিন্তু দলীয় ১০২ রানে সতীশের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় আর পেরে উঠেনি পাঞ্জাব।
২২ রানে ৪ উইকেট নিয়ে ড্যারেন স্যামি হায়দ্রাবাদের সেরা বোলার।
এর আগে ৫২ রানে ৫ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে যাওয়া হায়দ্রাবাদকে কক্ষপথে ফেরান পার্থিব ও করণ শর্মা। ষষ্ঠ উইকেটে ৪২ রানের জুটি ভালো একটি জুটি গড়েন তারা।
দলীয় ৯৪ রানে করণের বিদায়ের পর থিসেরা পেরেরার সঙ্গে ৪৮ রানের আরেকটি চমৎকার জুটি উপহার দেন পার্থিব (৬১)। তার ৪৭ বলের ইনিংসে ৫টি চার ও ২টি ছক্কা। পার্থিবের বিদায়ের পর দলকে দেড়শ পর্যন্ত নিয়ে যান পেরেরা (১৯ বলে ৩২*)।
পাঞ্জাবের পক্ষে সন্দীপ শর্মা ২১ রানে ৩ উইকেট নেন।
