মুম্বাইয়ের নবম জয়
আইপিএলে শনিবারের প্রথম ম্যাচে পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়াকে ৫ উইকেটে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।
১৩ ম্যাচে মুম্বাইয়ের এটা নবম জয়। ১৮ পয়েন্ট নিয়ে আপাতত তারা দ্বিতীয় স্থানে। ১৪ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট সংগ্রহ করা পুনের অবস্থান সবার নিচে।
পুনের সুব্রত রায় সাহারা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১১২ রান করে পুনে। জবাবে ১৮ ওভার ৫ বলে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মুম্বাই।
লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বলেই ডোয়াইন স্মিথের বিদায়ে মুম্বাইয়ের শুরুটা ভালো হয়নি। শচীন টেন্ডুলকার (১৫) ও দীনেশ কার্তিকের (১৭) দ্রুত বিদায় চাপ আরো বাড়ায়।
তৃতীয় উইকেটে অম্বাতি রাইডুর (২৬) সঙ্গে অধিনায়ক রোহিত শর্মার (৩৭) ৫৪ রানের জুটি দলকে সহজ জয়ের ভিত গড়ে দেয়। দলীয় ৯৩ রানে রাইডু ও ১১২ রানে রোহিত বিদায় নিলেও ৭ বল অব্যবহৃত রেখেই জয় পায় মুম্বাই।
পুনের পক্ষে অশোক দিন্দা ৩৫ রানে ২ উইকেট নেন।
এর আগে ২৫ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যান বিদায় নিলেও তৃতীয় উইকেটে মনিশ পান্ডের (২৯) সঙ্গে যুবরাজ সিংয়ের (৩৩) ৫৯ রানের জুটি পুনেকে ভালো অবস্থানে নিয়ে আসে।
দলীয় ৮৪ রানে মনিশ ও এক রান পর যুবরাজের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় পুনের সংগ্রহ খুব একটা বড় হয়নি।
মুম্বাইয়ের পক্ষে মিচেল জনসন, লাসিথ মালিঙ্গা ও আবু নেচিম দুটি করে উইকেট নেন।
