সরে দাঁড়াচ্ছেন কার্স্টেন
দক্ষিণ আফ্রিকার কোচের দায়িত্ব ছেড়ে দিতে যাচ্ছেন গ্যারি কার্স্টেন। জুলাইয়ে মেয়াদ শেষ হওয়ার পর চুক্তি নবায়ন করবেন না তিনি।
পরিবারকে আরো সময় দেয়ার জন্যই কার্স্টেনের এই সিদ্ধান্ত।
স্বদেশের ক্রিকেট বোর্ড ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে সাবেক বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান বলেন, “জাতীয় দলের ভাগ্য নিয়ন্ত্রণে আমার ওপরে আস্থা রাখায় ক্রিকেট দক্ষিণ আফ্রিকাকে ধন্যবাদ জানাতে চাই। খেলোয়াড় এবং কোচ হিসাবে জাতীয় দলকে নেতৃত্ব দেয়া এবং দলকে গড়ে তোলার দায়িত্ব প্রাপ্তি দারুণ সম্মানজনক ব্যাপার।”
২০১১ সালে ভারত ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল কার্স্টেনের অধীনে। সে বছরের অগাস্টে দুই বছরের মেয়াদে দক্ষিণ আফ্রিকার কোচের দায়িত্ব নেন তিনি।
কার্স্টেনের কোচিংয়ে গত বছর ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জিতে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠে দক্ষিণ আফ্রিকা। গত এপ্রিল পর্যন্ত টেস্ট-শ্রেষ্ঠত্ব ধরে রেখে আইসিসির স্মারক ‘রাজদণ্ড’ও পায় তারা।
একমাত্র দল হিসাবে দক্ষিণ আফ্রিকার টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার কৃতিত্বও কার্স্টেনের অধীনে।
