মুশফিক-কাণ্ডে তদন্তের ঘোষণা বিসিবি সভাপতির
মুশফিকুর রহিমের অধিনায়কত্ব ছাড়ার আকস্মিক ঘোষণায় বিস্মিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান। বাংলাদেশ দল জিম্বাবুয়ে থেকে দেশে ফেরার পর এ ব্যাপারে তদন্তের ঘোষণা দিয়েছেন তিনি।
“সে আবেগপ্রবণ হয়ে এই ঘোষণা দিতে পারে। আবার তার এই সিদ্ধান্তের পেছনে কারো প্ররোচনাও থাকতে পারে। সে দেশে ফেরার পর এ ব্যাপারে আমাদের বিস্তারিত জানতে হবে, তদন্ত করে দেখতে হবে।”
নাজমুল হাসান আরো বলেন, “মুশফিকের সঙ্গে আমার কথা হয়েছে। কান্না জড়িত কণ্ঠে সে জানিয়েছে, দলকে নেতৃত্ব দিতে পারছিল না। ‘টিম ওয়ার্ক’ ভালো হচ্ছে না। ‘টিম ওয়ার্ক’ কেন ভালো হচ্ছে না তা আমাদের খুঁজে বের করতে হবে।”
“ওয়ানডে সিরিজে জিততে না পারার কষ্ট থেকে অধিনায়কত্ব ছেড়ে দেয়ার ঘোষণাতেই প্রমাণিত, জয়ের জন্য মুশফিক কতটা মরিয়া ছিল। কেউ-কেউ তো ভালো খেলতে না পারলেও দলে সুযোগ পায়। সে ভাবতেই পারতো যে হেরেছি তো কী হয়েছে, আমি তো অধিনায়ক থাকবো।”
মুশফিকের অধিনায়কত্বে এখনো বিসিবির আস্থা আছে জানিয়ে তিনি বলেন, “অধিনায়ক হিসাবে এশিয়া কাপ, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ঘরের মাঠের সিরিজ এবং শ্রীলঙ্কা সফরে মুশফিক ভালো করেছে। তার অধিনায়কত্বের জন্য দল ভালো করছে না এমন কিছু আমাদের চোখে ধরা পড়েনি।”
এ প্রসঙ্গে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের সভাপতি এনায়েত হোসেন সিরাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মুশফিককে নেতৃত্বে এনেছে বিসিবি। তাই বিসিবির সঙ্গে আলোচনা না করে দায়িত্ব থেকে তার অব্যাহতি নেয়ার কেনো সুযোগ নেই।”
“দেশের জন্য সে ক্রিকেট খেলছে। বিসিবি মনে করে জাতীয় দলের নেতৃত্বে তারই থাকা উচিৎ। মুশফিক দেশে ফিরে আমাদের জানাক, তারপর বিসিবি আলোচনা করে সিদ্ধান্ত নেবে,” যোগ করেন তিনি।
