২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেটারদের ক্যাম্প স্থগিত

বৃহস্পতিবার পর্যন্ত চলার কথা থাকলেও রাজনৈতিক অস্থিরতার কারণে মঙ্গলবার স্থগিত ঘোষণা করা হয়েছে জাতীয় দল থেকে বাদ পড়া এবং উদীয়মান ক্রিকেটারদের ক্যাম্প।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2013, 05:00 PM

Updated : 23 Aug 2022, 10:43 AM

মিরপুর বিসিবি-সাহারা জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান কোচ রিচার্ড ম্যাকিন্স জানান, “আজই (মঙ্গলবার) ক্যাম্প আপাতত শেষ হচ্ছে। আজকে ক্রিকেটারদের বিপ টেস্ট নেয়া হয়েছে।”

“ক্যাম্পে ডাক পাওয়া প্রত্যেকের জন্য আমাদের আলাদা অনুশীলন পরিকল্পনা রয়েছে। ১৯ মে থেকে আবার ক্যাম্প শুরু হবে।”

ক্রিকেটারদের ফিটনেস ও দক্ষতা বাড়ানোর লক্ষ্যে ৪০ ক্রিকেটারকে নিয়ে চার দিনের ক্যাম্প চালানোর পরিকল্পনা ছিল ম্যাকিন্সের। হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচীর কারণে রোববারের বদলে সোমবার থেকে ক্যাম্প শুরু হয়।

কিন্তু বুধ ও বৃহস্পতিবার বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট সকাল-সন্ধ্যা হরতাল ডাকায় মঙ্গলবার ক্যাম্প স্থগিত ঘোষণা করতে বাধ্য হন ম্যাকিন্স।