ধাওয়ানের নৈপুণ্যে হায়দ্রাবাদের ষষ্ঠ জয়
বুধবার আইপিএলের প্রথম ম্যাচে শিখর ধাওয়ানের অপরাজিত অর্ধশতক মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৭ উইকেটের সহজ জয় এনে দিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদকে।
দশম ম্যাচে এটি হায়দ্রাবাদের ষষ্ঠ জয়। আর সমান ম্যাচে মুম্বাইয়ের চতুর্থ হার।
হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১২৯ রান করে মুম্বাই। জবাবে ১৮ ওভারে ৩ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় হায়দ্রাবাদ।
লক্ষ্য তাড়া করতে নেমে ৮ ওভারে ৫৩ রানে ২ উইকেট হারালেও ১২ বল অব্যবহৃত রেখেই দলকে জয় এনে দেয়ার কৃতিত্ব শিখর ধাওয়ানের।
তৃতীয় উইকেটে হনুমা বিহারীর (২৫) সঙ্গে ৭৪ রানের জুটি গড়ে অতিথিদের কোনো সুযোগই দেননি ধাওয়ান। শেষ পর্যন্ত ৭৩ রানে অপরাজিত থাকা ধাওয়ানের ৫৫ বলের ইনিংসে ৯টি চার ও ১টি ছক্কা।
এর আগে শচীন টেন্ডুলকারের (১৪) সঙ্গে ডোয়াইন স্মিথের (৩৮) ৩২ রানের উদ্বোধনী জুটির পরও ৭৯ রানে ৪ উইকেট হারিয়ে অস্বস্তিতে পড়ে মুম্বাই।
এরপর কাইরন পোলার্ডের (১৯ বলে ১৪) সঙ্গে অম্বাতি রাইডু (২৭ বলে ৩৪) ৫০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়লেও মুম্বাইয়ের সংগ্রহ খুব একটা বড় হয়নি।
হায়দ্রাবাদের পক্ষে ইশান্ত শর্মা ও অমিত মিশ্র দুটি করে উইকেট নেন।
