পাকিস্তানের নতুন ‘গতির রাজা’ জামাল
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আয়োজিত পেসার অন্বেষণ ‘গতির রাজা’ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন আহমেদ জামাল।
অ্যাবোটাবাদ থেকে উঠে আসা ২৪ বছর বয়সী জামাল পুরস্কার হিসাবে ১০ লাখ রুপি পাবেন। তিনি ঘন্টায় ১৪৩ কিলোমিটার (৮৯ মাইল) গতিতে বল করতে সক্ষম।
পাকিস্তানের সাবেক গতি-তারকা শোয়েব আখতারকে দেখে পেসার হতে অনুপ্রাণিত জামাল বলেন, “আমি রোমাঞ্চিত এবং খুবই খুশি। এই প্রতিযোগিতায় জেতার আগেও আমার পা মাটিতে ছিল, জেতার পরেও থাকবে। আমি শুধু নিজের নাম উজ্জ্বল করতে চাই।”
ওয়াসিম আকরামের অধীনে ১০দিনের এই প্রতিযোগিতা বা ক্যাম্পের আয়োজন করে পিসিবি।
এই ক্যাম্পে অংশ নেয়া ২০ তরুণকে নিয়ে ভীষণ উচ্ছ্বসিত আকরাম। অনেকের মতেই সর্বকালের সেরা বাঁহাতি পেসার বলেন, “এটা ছোট্ট একটা ক্যাম্প ছিল। আমরা এখানেই থেমে থাকব না। ক্যাম্পে অংশ নেয়া প্রত্যেকেই উৎসাহী এবং শিখতে আগ্রহী। এ থেকেই বোঝা যায় পাঁচ বছর পর আমাদের পেস বিভাগে কোনো সমস্যা থাকবে না।”
৬ ফুট ৪ ইঞ্চি দীর্ঘ জামালকে নিয়েও আশাবাদী আকরাম। তিনি বলেন, “প্রথম দিনই সে আমার নজর কেড়েছে। তাকে আমার প্রতিভাবান বলে মনে হয়েছে। পরিশ্রম করলে তার বলের গতি আরো বাড়বে। তার পক্ষে আমাদের দেশের সম্পদে পরিণত হওয়া সম্ভব।”
