২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লির দ্বিতীয় জয়

আইপিএলে রোববারের দ্বিতীয় ম্যাচে পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়াকে ১৫ রানে হারিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2013, 06:20 PM

Updated : 23 Aug 2022, 10:39 AM

নয় খেলায় এটি দিল্লির দ্বিতীয় জয়, সমান খেলায় পুনের সপ্তম হার। পয়েন্ট তালিকায় দুই দলই রয়েছে সবার পেছনে। রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৬৪ রান করে দিল্লি। জবাবে ৪ উইকেট হারিয়ে ১৪৯ রানে থেমে যায় পুনের ইনিংস। লক্ষ্য তাড়া করতে নেমে রবিন উথাপ্পার (৩৩ বলে ৩৭) সঙ্গে অ্যারন ফিঞ্চের (৩৩ বলে ৩৭) ৭৬ রানের উদ্বোধনী জুটি পুনেকে ভালো সূচনা এনে দেয়। দুই রানের ব্যবধানে তাদের বিদায় করে দিল্লিকে খেলায় ফেরার ইরফান পাঠান। তৃতীয় উইকেটে লুক রাইটের (১৯) সঙ্গে ৫০ রানের জুটি গড়ে আশা বাঁচিয়ে রাখেন যুবরাজ সিং (২৪ বলে ৩১)। তবে আঠারোতম ওভারে চার বলের মধ্যে তাদের সাজঘরে ফেরত পাঠিয়ে দিল্লির জয় নিশ্চিত করে উমেশ যাদব। এরপর স্টিভেন স্মিথ (৮ বলে ১৭*) পরাজয়ের ব্যবধানই কমিয়েছেন কেবল। এর আগে ৬৮ রানে ৩ উইকেট অস্বস্তিতে পড়ে যাওয়া দিল্লিকে পথ দেখান ডেভিড ওয়ার্নার। ২৫ বলে চারটি করে ছক্কা ও চারে গড়া তার অপরাজিত ৫১ রান দলকে লড়াইয়ের পুঁজি এনে দেয়। কেদার যাদবেরও (১৯ বলে ২৫) অবদান কম নয়। ৩১ রানে ৩ উইকেট নিয়ে অশোক দিন্দা পুনের সেরা বোলার।