কলকাতাকে আবার হারিয়ে শীর্ষে চেন্নাই
আইপিএলে রোববার প্রথম খেলায় কলকাতা নাইট রাইডার্সকে ১৪ রানে হারিয়ে শীর্ষে উঠেছে চেন্নাই সুপার কিংস।
নয় খেলায় এটি চেন্নাইয়ের সপ্তম জয় অন্যদিকে সমান খেলায় কলকাতার ষষ্ঠ হার।
চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ২০০ রান করে কলকাতা। জবাবে ৪ উইকেট হারিয়ে ১৮৬ রানে থেমে যায় কলতার ইনিংস।
কলকাতায় দুই দলের প্রথম দেখায় ৪ উইকেটে হেরেছিল গতবারের চ্যাম্পিয়নরা।
লক্ষ্য তাড়া করতে নেমে অন্য প্রান্ত থেকে তেমন সহায়তা না পেলেও কলকাতাকে ২ উইকেটে ৯৯ রানের দৃঢ় ভিতের ওপর দাঁড় করিয়েছিলেন মানভিন্দর সিং বিসলা।
চতুর্থ উইকেটে এউইন মর্গানের সঙ্গে ৭৯ রানের জুটি গড়ে দলকে কক্ষপথেই রেখেছিলেন তিনি। কিন্তু দলীয় ১৭৮ রানে বিসলা (৯২) রান আউট হয়ে গেলে আর পেরে উঠেনি কলকাতা। বিসলার ৬১ বলের ইনিংসে ১৪টি চার ও ২টি ছক্কা।
এর আগে ঋদ্ধিমান সাহার (২৩ বলে ৩৯) সঙ্গে মাইক হাসির ১০৩ রানের জুটি চেন্নাইকে বড় সংগ্রহের ভিত গড়ে দেয়।
দ্বিতীয় উইকেটে সুরেশ রায়নার সঙ্গে ৫৫ রানের আরেকটি চমৎকার জুটি উপহার দেন হাসি (৯৫)। তাকে শতক থেকে বঞ্চিত করেছেন সুনীল নারায়ণ। হাসির ৫৯ বলের ইনিংসটি ১১টি চার ও ২টি ছক্কায় সাজানো।
হাসির বিদায়ের পর রায়না (২৫ বলে ৪৪) ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (১২ বলে ১৮*) দলকে দুশ রানে পৌঁছে দেন।
