ওয়াটসনের ঝড়ো ব্যাটিংয়ে রাজস্থানের জয়
শনিবার আইপিএলের প্রথম ম্যাচে মাত্র দুই রানের জন্য শতকের দেখা পাননি শেন ওয়াটসন। তবে অস্ট্রেলীয় অলরাউন্ডারের ঝড়ো ব্যাটিং সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ৮ উইকেটের সহজ জয় এনে দিয়েছে রাজস্থান রয়্যালসকে।
টানা দুটি হারের পর জয়ের দেখা পেল রাজস্থান। অষ্টম ম্যাচে এটি তাদের পঞ্চম জয়। আর হায়দ্রাবাদের নবম ম্যাচে পঞ্চম হার।
জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৪৪ রান করে হায়দ্রাবাদ। জবাবে ওয়াটসনের ৫৩ বলে চারটি ছক্কা ও ১৩টি চার সমৃদ্ধ অপরাজিত ৯৮ রান ১৩ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে দেয় স্বাগতিকদের।
লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৭ রানে অজিঙ্কা রাহানেকে (১) হারালেও রাহুল দ্রাবিড়ের (৩৫ বলে ৩৬) সঙ্গে ওয়াটসনের ৭৪ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় রাজস্থান। অধিনায়ক ফিরে গেলেও দলকে জিতিয়েই মাঠ থেকে ফেরেন আগের ম্যাচে শতক করা ওয়াটসন।
এর আগে ২৯ রানে ৬ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে যাওয়া হায়দ্রাবাদকে উদ্ধার করে ড্যারেন স্যামি (৪১ বলে ৬০) ও অমিত মিশ্রর (২১) ৫৮ রানের সপ্তম উইকেট জুটি।
২০ রানে পাঁচ উইকেট নিয়ে হায়দ্রাবাদের সবচেয়ে বেশি ক্ষতি করেন জেমস ফকনার। ম্যাচ সেরাও অস্ট্রেলিয়ার এই বাঁহাতি পেসার।
