২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালে রাজশাহী-রংপুর

অষ্টম বাংলাদেশ গেমস ক্রিকেটের ফাইনালে উঠেছে রাজশাহী ও রংপুর। প্রথম সেমিফাইনালে রাজশাহী ৮ উইকেটে খুলনাকে ও বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় সেমিফাইনালে রংপুর ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে ৪২ রানে ঢাকা মেট্রোকে হারিয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2013, 03:19 PM

Updated : 23 Aug 2022, 10:38 AM

শনিবার বেলা দেড়টায় ফাইনাল। সেদিনই সকাল ৯টায় শুরু হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ।

বৃহস্পতিবার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ১৭ ওভার ৫ বলে ৯৭ রানে অলআউট হয়ে যায় খুলনা।

ইমরুল কায়েস (৪৫) ও তুষার ইমরান (১৮) ছাড়া খুলনার আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে যেতে পারেননি।

২৩ রানে ৩ উইকেট নিয়ে মুক্তার আলী রাজশাহীর সেরা বোলার।

জবাবে ১২ ওভার ৫ বলে ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় রাজশাহী। ৫৬ রানে অপরাজিত থাকেন ম্যাচ সেরা মিজানুর রহমান। পরের ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৭৩ রান করে রংপুর। সর্বোচ্চ ৬০ রান নাঈম ইসলামের। দ্বিতীয় সর্বোচ্চ ৫৫ রান আসে ধীমান ঘোষের ব্যাট থেকে। ঢাকা মেট্রোর পক্ষে ২৮ রানে ৩ উইকেট নেন আরাফাত সানি। জবাবে ঢাকা মেট্রো ১৪ ওভার ২ বলে ৬ উইকেটে ৮৫ রান করার পর বৃষ্টি নামলে খেলা আর হতে পারেনি। সে সময় জয়ের জন্য ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে ১২৮ রান প্রয়োজন ছিল তাদের। ঢাকা মেট্রোর পক্ষে সর্বোচ্চ ২৭ রান মেহরাব হোসেন জুনিয়রের। ১৭ রানে ৩ উইকেট নিয়ে শুভাশীষ রায় রংপুরের সেরা বোলার। ম্যাচ সেরা নাঈম ২ উইকেট নেন ১২ রানে।