২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম দিনটা ভালোই কেটেছে বাংলাদেশের

প্রথম টেস্টের ব্যর্থতাকে পেছনে ফেলে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের শুরুটা ভালোই করেছে বাংলাদেশ। প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩০০ রান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2013, 07:56 AM

Updated : 25 Apr 2022, 06:39 PM

বৃহস্পতিবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাট করতে নেমে জহুরুল ইসলাম ও তামিম ইকবালের ৪৪ রানের জুটি বাংলাদেশকে ভালো সূচনা এনে দেয়।

প্রথম দিন সাজঘরে ফেরা ছয় ব্যাটসম্যানের পাঁচ জনই নিজেদের উইকেট স্বাগতিকদের ‘উপহার’ না দিলে বাংলাদেশ আরো ভালো অবস্থানে থাকতে পারত।

জহুরুল, তামিম, অধিনায়ক মুশফিকুর রহিম একবার করে জীবন পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন।

কেগান মেথের অফস্ট্যাম্পের বাইরের একটি বলে তুলে মারতে গিয়ে জহুরুল কভারে ম্যালকম ওয়ালারের সহজ ক্যাচে পরিণত হলে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। আউট হওয়ার আগ পর্যন্ত তামিমের চেয়েও স্বাচ্ছন্দ্যে জিম্বাবুয়ের পেসারদের সামলাচ্ছিলেন তিনি।

মোহাম্মদ আশরাফুল ছড়া দলের প্রথম সাত ব্যাটসম্যানের সবাই দুই অঙ্কের কোটায় পৌঁছেছেন। প্রথম টেস্টে ঠিকভাবে পুল করতে না পেরে সাজঘরে ফেরা আশরাফুল এবারও শিঙ্গিরাই মাসাকাদজার অফস্ট্যাম্পের বাইরের বল পুল করতে গিয়ে গালিতে ক্রেমারের হাতে ধরা পড়েন।

তৃতীয় উইকেটে মমিনুল হকের সঙ্গে ৪৪ রানের আরেকটি ভালো জুটি উপহার দেন চোট কাটিয়ে দলে ফেরা তামিম। মধ্যাহ্ন-বিরতির পর মিডঅফে বল পাঠিয়েই ঝুঁকিপূর্ণ এক রান নিতে গিয়ে শিঙ্গিরাইয়ের সরাসরি থ্রোয়ে রানআউট হয়ে হতাশা নিয়ে ফিরেন তিনি।

সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের পরিবর্তে দলে আসা মমিনুলও উইকেটে সেট হয়ে সাজঘরে ফিরেছেন। এল্টন চিগুম্বুরার গুডলেন্থের বল এক্সট্রা কাভারের ওপর দিয়ে মারতে গিয়ে শিঙ্গিরাইয়ের সহজ ক্যাচে পরিণত হন তিনি।

১২৫ রানে ৪ উইকেট হারিয়ে অস্বস্তিতে পড়া অতিথিদের কক্ষপথে ফেরান সাকিব আল হাসান ও মুশফিক। পঞ্চম উইকেটে ১২৩ রানের চমৎকার একটি জুটি গড়ে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন তারা।

প্রথম টেস্টে দুই ইনিংসেই (৫ ও ৪) ব্যর্থ সাকিব (৮১) শুরু থেকেই অসাধারণ খেলছিলেন। তার ইনিংসও শেষে হয়েছে বাজে শট খেলে। চিগুম্বুরার খাটো লেন্থের বল এগিয়ে এসে মারতে গিয়ে উইকেটরক্ষক রিচমন্ড মুতুমবামির হাতে ক্যাচ দেন তিনি। সাকিবের ১১৮ বলের ইনিংসে ৮টি চার।

দ্বিতীয় নতুন বলের দ্বিতীয় ওভারের প্রথম বলে মুশফিককে এলবিডব্লিউর ফাঁদে ফেলে দিনের শেষ বেলায় অতিথিদের সবচেয়ে বড় ধাক্কাটা দেন কাইল জর্ভিস। মুশফিকের ১৬৫ বলের ইনিংসে ৫টি চার ও ১টি চক্কা।

দেশের ৬৮তম ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেক হওয়া অলরাউন্ডার জিয়াউর রহমানকে নিয়ে দিনের বাকি সময়টুকু ভালোভাবেই কাটিয়ে দিয়েছেন ওয়ানডে মেজাজে খেলা নাসির হোসেন। নাসির ৩৭ ও জিয়া ৮ রানে ব্যাট করছেন।

৫৯ রানে ২ উইকেট নিয়ে চিগুম্বুরা জিম্বাবুয়ের সেরা বোলার।

প্রথম টেস্ট ৩৫৫ রানে হেরে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ।

সাভারে ভবন ধসের ঘটনায় শোক প্রকাশ করে কালো আর্মব্যান্ড পরে খেলছেন বাংলাদেশের ক্রিকেটাররা। খেলা শুরুর আগে স্টেডিয়ামে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ প্রথম ইনিংস: ৩০০/৬ (তামিম ৪৯, জহুরুল ২৪, আশরাফুল ৪, মমিনুল ২৩, সাকিব ৮১, মুশফিক ৬০, নাসির ৩৭*, জিয়া ৮*; চিগুম্বুরা ২/৫৯, মেথ ১/২২, শিঙ্গিরাই ১/৫২, জার্ভিস ১/৮৫)