২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিবি কর্মকর্তাদের সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রীর সভা

২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্মকর্তাদের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় সভা করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2013, 06:49 PM

Updated : 25 Apr 2022, 06:39 PM

বুধবারের সভায় সুষ্ঠুভাবে বিশ্বকাপ আয়োজনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। বিশ্বকাপের সব ক্রিকেটার, কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম-সচিবকে আহ্বায়ক করে একটি নিরাপত্তা কমিটি গঠন করা হয়েছে এই সভায়।

আগামী বছরের ১৬ মার্চ থেকে ৬ এপ্রিল টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে।

পুরুষদের বিশ্বকাপে ১৬টি এবং মহিলাদের বিশ্বকাপে আটটি দল অংশ নেবে। পুরুষদের ম্যাচ-সংখ্যা ৩৫টি, মহিলাদের ১৫টি।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও সিলেট বিভাগীয় স্টেডিয়ামে পুরুষ এবং কক্সবাজারে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে আগ্রহী বিসিবি।

বুধবারের সভায় সবগুলো মাঠের প্রয়োজনীয় কাজ শেষ করার তাগিদ দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

এদিকে বিশ্বকাপের প্রস্তাবিত ভেন্যু পরিদর্শন শেষে ফিরে গেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পরিদর্শক দল। আরো দুবার পরিদর্শনের পর বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত করবে আইসিসি।