২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাঞ্জাবের নাটকীয় জয়

আইপিএলে রোববারের দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসকে নাটকীয়ভাবে ৭ উইকেটে হারিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2013, 06:43 PM

Updated : 25 Apr 2022, 06:38 PM

সাত খেলায় এটি পাঞ্জাবের তৃতীয় জয় অন্যদিকে সমান খেলায় পুনের পঞ্চম হার।

মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৮৫ রান করে পুনে। জবাবে ১৯ ওভার ৫ বলে ৩ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় পাঞ্জাব।

লক্ষ্য তাড়া করতে নেমে ৫ রানে দুই উইকেট হারিয়ে পাঞ্জাবের শুরুটা মোটেও ভালো হয় নি। তৃতীয় উইকেটে মানান ভোহরার সঙ্গে ৫৩ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন মানদীপ সিং।

দলীয় ৫৮ রানে ভোহরার বিদায়ের পর ডেভিড মিলার ব্যাটিংয়ে এলে খেলার চিত্র পাল্টে যায়। ১৩ ওভার ১ বলে মানদীপের সঙ্গে তার অবিচ্ছিন্ন ১৩২ রানের জুটি পাঞ্জাবকে নাটকীয় জয় এনে দেয়। শেষ পর‌্যন্ত ৮০ রানে অপরাজিত থাকেন মিলার। তার ৪১ বলের ইনিংসে ৫টি করে ছক্কা ও চার।

উদ্বোধনী ব্যাটসম্যান মানদীপের অবদানও কম নয়। ৭৭ রানে অপরাজিত থাকা মানদীপের ৫৮ বলের ইনিংসে ৭টি চার।

এর আগে ব্যাট করতে নেমে রবিন উথাপ্পার সঙ্গে অ্যারন ফিঞ্চের ৮৩ রানের উদ্বোধনী জুটি পুনেকে উড়ন্ত সূচনা এনে দেয়। পারভিন্দর আওয়ানার বলে অ্যাডম গিলক্রিস্টের হাতে ধরা পড়ে উথাপ্পা (৩৭) বিদায় নিলে ভাঙ্গে ১০ ওভার ৩ বল স্থায়ী জুটি।

যুবরাজ সিংয়ের সঙ্গে ৪১ রানের আরেকটি চমৎকার জুটি দলকে উপহার দেন ফিঞ্চ। দলীয় ১২৪ রানে সাজঘরে ফেরার আগে ৬৪ রান করেন তিনি। ফিঞ্চের ৪২ বলের ইনিংসে ৮টি চার ও ২টি ছক্কা।

এরপর যুবরাজ (২৪ বলে ৩৪) বিদায় নিলেও মাত্র ১০ বলে লুক রাইটের ৩৪ রান পুনের স্কোর দুশ রানের কাছাকাছি নিয়ে যায়।