২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আইসিসি পরিদর্শক দল

২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তাবিত চট্টগ্রামের দুটি স্টেডিয়াম পরিদর্শন করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পরিদর্শক দল।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2013, 05:32 PM

Updated : 23 Aug 2022, 10:36 AM

রোববার চট্টগ্রামের মূল ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যায় দলটি। এ সময় পাশের চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সও পরিদর্শন করেন এই দলের সদস্যরা।

এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপের অনুশীলন ও প্রস্তুতি ম্যাচের ভেন্যু এম এ আজিজ স্টেডিয়াম পরিদর্শন করেন তারা। পরে চট্টগ্রামের আবাসন ব্যবস্থা সম্পর্কেও খোঁজ-খবর নেন।

এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সদস্য মাহবুব আনাম ও আজম নাছিরউদ্দিন সাংবাদিকদের জানান, বিশ্বকাপ শুরু হওয়ার আগে অনেক কাজ বাকি। প্রতিদিন দুটি করে ম্যাচ হবে বলে স্টেডিয়ামে চারটি সাজঘরের প্রয়োজন। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুটি সাজঘর আছে।

আগামী অক্টোবরের মধ্যে সাজঘর ও গ্যালারির আসন সংখ্যা বৃদ্ধি, মাঠ সংস্কারসহ অনেক কাজ করতে হবে স্টেডিয়াম কর্তৃপক্ষকে। সব কিছু দেখে-শুনে প্রতিনিধি দল এ ব্যাপারে নির্দেশনাও দিয়েছে।

অক্টোবরে আইসিসি প্রতিনিধি দল চূড়ান্ত পরিদর্শনে আসার আগেই সব কাজ শেষ করার ব্যাপারে বিসিবি আশাবাদী।

আগামী বছরের ১৬ মার্চ থেকে ৬ এপ্রিল বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও সিলেট বিভাগীয় স্টেডিয়ামে পুরুষ এবং কক্সবাজারে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলা আয়োজনে আগ্রহী বিসিবি।