জিম্বাবুয়ের পথে শফিউল-জিয়াউর
চোটের কারণে দ্বিতীয় টেস্টে দুই পেসার রুবেল হোসেন ও শাহাদাত হোসেনের খেলা অনিশ্চিত। তাই রোববার রাতে জিম্বাবুয়ের উদ্দেশে রওনা দিয়েছেন পেসার শফিউল ইসলাম ও অলরাউন্ডার জিয়াউর রহমান।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এ তথ্য।
৩৩৫ রানে হেরে যাওয়া প্রথম টেস্ট চলার সময় কাঁধে চোট পেয়েছেন রুবেল। আর হাঁটুর চোটের কারণে প্রথম একাদশে জায়গা হয়নি শাহাদাতের। বৃহস্পতিবার থেকে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
গত মাসে শ্রীলঙ্কা সফরে ওয়ানডে সিরিজে খেলেছিলেন জিয়াউর। এখনো তার টেস্ট অভিষেক হয়নি।
অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটে শফিউল সর্বশেষ খেলেছিলেন গত ডিসেম্বরে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে। গত বছরের মার্চে এশিয়া কাপে খেলার পর থেকে কাঁধের চোটের কারণে মাঠের বাইরে চলে যাওয়া শফিউল ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ দিয়েই জাতীয় দলে ফিরেছিলেন।
