ওয়াটসন আর অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক নন
খেলায় আরো বেশি মনোযোগ দেয়ার জন্য সহ-অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার শেন ওয়াটসন।
শনিবার অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডকে (সিএসএ) এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।
“সিদ্ধান্তটা নিতে আমাকে বেশ কিছু দিন নিজের সঙ্গে লড়াই করতে হয়েছে। সিদ্ধান্ত নেয়ার সঙ্গে-সঙ্গেই ক্রিকেট অস্ট্রেলিয়াকে জানিয়ে দিয়েছি,” যোগ করেন তিনি।
বেশ কিছুদিন ধরেই ৩১ বছর বয়সী ওয়াটসনের ব্যর্থতার সঙ্গে বসবাস। বিশেষ করে সহ-অধিনায়ক হওয়ার পর থেকে।
৪১ টেস্টে ৩৫.৩৪ গড়ে ২৫৮০ রান ওয়াটসনের। তবে ২০১১ সালে সহ-অধিনায়ক হওয়ার পর ১৪ টেস্টে ২৪.১১ গড়ে মাত্র ৬২৭ রান করেছেন তিনি।
এ বছরের ফেব্রুয়ারি-মার্চে ভারত সফরে তো আরো ব্যর্থ। চার টেস্টের সিরিজের তিনটিতে খেলে ১৬.৫ গড়ে ৯৯ রান করেন ওয়াটসন। চোট সমস্যার কারণে বল করতেও পারেননি।
