বাংলাদেশের লজ্জাজনক হার
হারারেতে জিম্বাবুয়ের কাছে চারদিনেই প্রথম টেস্ট হেরেছে বাংলাদেশ। ৩৩৫ রানের এই জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে জিম্বাবুয়ে।
একই ভেন্যুতে বৃহস্পতিবার থেকে দ্বিতীয় টেস্ট।
শনিবার ৪৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুই সেশনও ব্যাট করতে পারেনি বাংলাদেশ। প্রথম ইনিংসে ১৩৪ রানে অলআউট হওয়ার পর ১৪৭ রানেই দ্বিতীয় ইনিংস থেমেছে অতিথিদের। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে এ’দুটি দ্বিতীয় ও তৃতীয় সর্বনিম্ন।
এর আগে ২০০১ সালে ঢাকায় ১০৭ রান করেছিল তারা।
ব্যাট করতে নেমে সপ্তম ওভারের শেষ বলে ড্রাইভ করতে গিয়ে শাহরিয়ার নাফীস বোল্ড হয়ে গেলে প্রথম উইকেট হারায় অতিথিরা।
প্রথম ইনিংস আম্পায়ারের বিতর্কিত এলবিডব্লিউর সিদ্ধান্তে সাজঘরে ফেরেন জহুরুল ইসলাম। দ্বিতীয় ইনিংসেও বিতর্কিত সিদ্ধান্তে রিচমন্ড মুতুমবামির ক্যাচে পরিণত থেমেছে তার ২২ রানের ইনিংস।
টেস্টে নিজের বাজে সময় নিজেই দীর্ঘায়িত করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ফাঁদে পা দিয়ে পুল করতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করে সহজ ক্যাচ দিয়ে দলকে অস্বস্তিতে ফেলেন তিনি। এরপর ৮ রানের মধ্যে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম বিদায় নিলে অতিথিদের বিপদ আরো বাড়ে।
জার্ভিসের বলে সাকিব গালিতে ভুসিমুজি সিবান্দার হাতে ক্যাচ দেন। এল্টন চিগুম্বুরার বল ছেড়ে দিতে গিয়ে স্লিপে ব্রেন্ডন টেইলরের দুর্দান্ত ক্যাচে পরিণত হন মুশফিক।
ষষ্ঠ উইকেটে নাসির হোসেনের সঙ্গে ৪৭ রানের জুটি গড়ে রানআউট হয়ে মোহাম্মদ আশরাফুলও সাজঘরে ফিরলে চারদিনেই অতিথিদের হার নিশ্চিত হয়ে যায়।
প্রথম ইনিংসে মধ্যাহ্ন-বিরতির পর যেভাবে বিদায় নিয়েছিলেন, দ্বিতীয় ইনিংসে চা-বিরতির পর গ্রেম ক্রেমারের বল সেভাবেই খেলতে গিয়ে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন নাসির।
সব বিশেষজ্ঞ ব্যাটসম্যানের বিদায়ের পর ‘টেল এন্ডার’দের প্রতিরোধ বেশিক্ষণ টেকেন নি। তৃতীয় সেশনের শুরুতেই সোহাগ গাজী, রুবেল হোসেন ও রবিউল ইসলামকে সাজঘরে ফেরত স্বাগতিকদের দারুণ জয় নিশ্চিত করেন লেগস্পিনার ক্রেমার।
৪ রানে ৪ উইকেট নিয়ে তিনিই জিম্বাবুয়ের সেরা বোলার।
এর আগে হারারে স্পোর্টস ক্লাব মাঠে ৭ উইকেটে ১৮৭ রান নিয়ে খেলা শুরু করে জিম্বাবুয়ে।
৮১ রানে অপরাজিত জিম্বাবুয়ে টেইলর ম্যাচে দ্বিতীয় শতকে পৌঁছালে মাত্র ৮ ওভার ব্যাট করেই ৭ উইকেটে ২২৭ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। প্রথম ইনিংসে ২৫৫ রানে পিছিয়ে থাকায় অতিথির লক্ষ্য দাঁড়ায় ৪৮৩ রান।
ম্যাচ সেরা টেইলর ১০২ ও কেগান মেথ ৩১ রানে অপরাজিত থাকেন। অষ্টম উইকেটে ৬৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তারা।
এটি টেইলরের চতুর্থ শতক, বাংলাদেশের বিপক্ষে তৃতীয়। তার ১৪৬ বলের ইনিংসে ৫টি চার ও ২টি ছক্কা।
গ্রান্ট ও অ্যান্ডি ফ্লাওয়ারের পর জিম্বাবুয়ের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্টে দুই ইনিংসেই শতকে পৌঁছানোর কৃতিত্ব দেখালেন টেইলর।
সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবুয়ে: প্রথম ইনিংস: ৩৮৯ (টেইলর ১৭১, ওয়ালার ৫৫, ক্রেমার ৪২, রবিউল ৩/৮৪, এনামুল ৩/১৩৩) ও দ্বিতীয় ইনিংস: ২২৭/৭ ডিক্লে. (মারুমা ১০, সিবান্দা ৪, হ্যামিল্টন ০, টেইলর ১০২*, ওয়ালার ৪, চিগুম্বুরা ২৭, ক্রেমার ৪৩, মেথ ৩১*; রবিউল ৭১/৬)
বাংলাদেশ প্রথম ইনিংস: ১৩৪ (জহুরুল ৪৩, আশরাফুল ৩৮; শিঙ্গিরাই ৪/৩২, জার্ভিস ৪/৪০) ও দ্বিতীয় ইনিংস: ১৪৭ (জহুরুল ২২, নাফীস ১১, আশরাফুল ৪০, মাহমুদুল্লাহ ২১, সাকিব ৪, মুশফিক ৩, নাসির ২৩, সোহাগ ৪, এনামুল ৬*, রুবেল ৪, রবিউল ০; ক্রেমার ৪/৪, জার্ভিস ৩/৭৫, চিগুম্বুরা ১/১৮, শিঙ্গিরাই ১/২৬)
