২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার টেইলরের বাধার প্রাচীর

রবিউল ইসলামের লড়াইয়ের পরও প্রথম টেস্টে চালকের আসনে জিম্বাবুয়ে। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ১৮৭ রান করে তৃতীয় দিন শেষে ৪৪২ রানে এগিয়ে স্বাগতিকরা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2013, 08:54 AM

Updated : 13 Oct 2022, 02:50 PM

অধিনায়ক ব্রেন্ডন টেইলর ৮১ ও কেগান মেথ ১৩ রানে ব্যাট করছেন।

প্রথম ইনিংসে বাংলাদেশকে ১৩৪ রানে অলআউট করে ২৫৫ রানের লিড নেয় জিম্বাবুয়ে। ফলো অন না করিয়ে ব্যাট করতে নেমে রবিউল ইসলামের তোপে ২৭ রানেই ৪ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় স্বাগতিকরা।

তৃতীয় ওভারে ভুসি সিবান্দাকে বোল্ড করে দলকে প্রথমা সাফল্য এনে দেন রবিউল। পরের ওভারে ফিরতি ক্যাচে ফেরান হ্যামিল্টন মাসাকাদজাকে। সপ্তম ওভারে টিমিসেন মারুমাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলার পর এক ওভার বিরতি নিয়ে ম্যালকম ওয়ালারকেও সাজঘরের পথ দেখান তিনি।

পঞ্চম উইকেটে এল্টন চিগুম্বুরার সঙ্গে টেইলরের ৫৭ রানের জুটি ভাঙ্গার কৃতিত্বও রবিউলের। চিগুম্বুরাকে জহুরুল ইসলামের ক্যাচে পরিণত করে ক্যারিয়ারে প্রথমবারের মত পাঁচ উইকেট নেন রবিউল। পরের বলে রিচমন্ড মুতুমবামিকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি।

৬৮ রানে ৬ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যাওয়া জিম্বাবুয়েকে কক্ষপথে ফেরান টেইলর ও গ্রেম ক্রেমার। সপ্তম উইকেটে তাদের ৭৯ রানের জুটি স্বাগতিকদের সুবিধাজনক জায়গায় নিয়ে যায়।

দলীয় ১৬৩ রানে ক্রেমার রান আউট হয়ে বিদায় নিলেও মেথকে নিয়ে দিনের বাকি সময়টুকু নিরাপদেই কাটিয়ে দেন টেইলর।

৫৫ রানে ৬ উইকেট নিয়ে রবিউল বাংলাদেশের সেরা বোলার। প্রথম দুই দিন সব মিলিয়ে ১১ পড়লেও তৃতীয় দিন উইকেট পড়েছে ১৬টি।

এর আগে শুক্রবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে ১ উইকেট ৯৫ রানে খেলা শুরু করে বাংলাদেশ। প্রথম দিনের সাবলীল ব্যাটিংয়ের কোনো ছাপ এদিন ছিল না জহুরুল ইসলাম ও মোহাম্মদ আশরাফুলের ব্যাটিংয়ে। শুরু থেকেই নিজেদের ভীষণ গুটিয়ে রেখেছিলেন তারা।

তারপরও এক সময় বাংলাদেশের স্কোর ছিল ১ উইকেটে ১০২। সেখান থেকে ৩২ রান যোগ করতেই শেষ ৯ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে নিজেদের দ্বিতীয় সর্বনিম্ন রানে অলআউটের লজ্জা এড়াতে পারেনি অতিথিরা। এর আগে ২০০১ সালে ঢাকায় ১০৭ রান করেছিল তারা।

অভিষিক্ত মেথের বলে জহুরুল এলবিডব্লিউর ফাঁদে পড়লে দিনের প্রথম উইকেট হারায় বাংলাদেশ। টেস্টে ভীষণ বাজে সময় কাটানো মাহমুদুল্লাহ রিয়াদকে বোল্ড করে দলকে আরেকটি সাফল্য এনে দেন তিনি।

৪৫তম ওভারে তিন বলের মধ্যে সাকিব আল হাসান ও আশরাফুলকে সাজঘরে ফেরত পাঠিয়ে অতিথিদের ভীষণ বিপদে ফেলেন শিঙ্গিরাই মাসাকাদজা। লাফিয়ে উঠা বলে গালিতে সিবান্দার হাতে ধরা পড়েন সাকিব। পুল করতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করে ডিপ মিডউইকেটে সহজ ক্যাচ দেন আশরাফুল।

ফলো অনের শঙ্কায় পড়া অতিথিরা তাকিয়ে ছিল অধিনায়ক মুশফিকুর রহিম ও নাসির হোসেনের দিকে। কিন্তু হতাশ করেছেন দুজনই। মধ্যাহ্ন-বিরতির আগে শেষ বলে মুশফিককে এলবিডব্লিউর ফাঁদে ফেলে বাংলাদেশের বিপদ আরো বাড়ান শিঙ্গিরাই।

মধ্যাহ্ন-বিরতির পর প্রথম ওভারেই নাসির জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে উইকেটরক্ষক মুতুমবামির ক্যাচে পরিণত হলে অতিথিদের শেষ আশাটুকুও শেষ হয়ে যায়।

সেই ওভারেই এনামুল হক জুনিয়রকে বোল্ড করেন কাইল জার্ভিস। পরের ওভারে ফিরে রুবেল হোসেনকেও সাজঘরে ফেরান তিনি।

এরপর শিঙ্গিরাই সোহাগ গাজীকে ওয়ালারের ক্যাচে পরিণত করলে মধ্যাহ্ন-বিরতির পর ১৯ বলেই শেষ হয়ে যায় অতিথিদের প্রথম ইনিংস।

অতিথিদের শেষ আট ব্যাটসম্যানের কেউই পৌঁছাতে পারেন নি দুই অঙ্কের কোঠায়। কোনো রান যোগ না করেই শেষ ৫ উইকেট হারায় বাংলাদেশ।

জিম্বাবুয়ের পক্ষে শিঙ্গিরাই ও জার্ভিস চারটি করে উইকেট নেন।

জিম্বাবুয়ে: প্রথম ইনিংস: ৩৮৯ (টেইলর ১৭১, ওয়ালার ৫৫, ক্রেমার ৪২, রবিউল ৩/৮৪, এনামুল ৩/১৩৩) ও দ্বিতীয় ইনিংস: ১৮৭/৭ (মারুমা ১০, সিবান্দা ৪, হ্যামিল্টন ০, টেইলর ৮১*, ওয়ালার ৪, চিগুম্বুরা ২৭, ক্রেমার ৪৩, মেথ ১৩*; রবিউল ৫৫/৬)

বাংলাদেশ প্রথম ইনিংস: ১৩৪ (জহুরুল ৪৩, নাফীস ২৯, আশরাফুল ৩৮, মাহমুদুল্লাহ ৩, সাকিব ৫, মুশফিক ৩, নাসির ৭, সোহাগ ০, এনামুল ০, রুবেল ০, রবিউল ০*; শিঙ্গিরাই ৪/৩২, জার্ভিস ৪/৪০, মেথ ২/৪১)