হেরেই চলেছে দিল্লি
আইপিএলে বৃহস্পতিবারের একমাত্র খেলায় দিল্লি ডেয়ারডেভিলসকে ৮৬ রানে হারিয়েছে চেন্নাই সুপার কিংস।
পাঁচ খেলায় এটি চেন্নাইয়ের তৃতীয় জয়। অন্যদিকে দিল্লির এটি টানা ষষ্ঠ হার।
দিল্লির ফিরোজ শাহ কোটলায় টস জিতে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৬৯ রান করে চেন্নাই। জবাবে ১৭ ওভার ৩ বলে ৮৩ রানে অলআউট হয়ে যায় দিল্লি।
লক্ষ্য তাড়া করতে নেমে ৩০ রানে ৪ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে দিল্লি। এরপর কেদার যাদব ৩১ রান করলেও ষষ্ঠ আইপিএলে সর্বনিম্ন রানে অলআউটের লজ্জা এড়াতে পারেনি স্বাগতিকরা।
১০ রানে ৩ উইকেট নিয়ে মোহিত শর্মা চেন্নাইয়ের সেরা বোলার।
এর আগে ব্যাট করতে নেমে সুরেশ রায়নার (৩২ বলে ৩০) সঙ্গে ৬০ ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (২৩ বলে ৪৪) সঙ্গে ৭৪ রানের দুটি চমৎকার জুটি গড়ে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন মাইক হাসি।
শেষ পর্যন্ত ৬৫ রানে অপরাজিত থাকা হাসির ৫০ বলের ইনিংসে ৬টি চার ও ২টি ছক্কা।
