পুনেকে সহজেই হারাল মুম্বাই
আইপিএলে শনিবারের প্রথম ম্যাচে পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়াকে সহজেই ৪১ রানে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।
চার খেলায় এটি মুম্বাইয়ের তৃতীয় জয়, সমান খেলায় পুনের তৃতীয় হার।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৮৩ রান করে মুম্বাই। জবাবে ৮ উইকেটে ১৪২ রানেই থেমে যায় পুনের ইনিংস।
লক্ষ্য তাড়া করতে নেমে ১৩ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে পুনে।
এরপর মিচেল মার্শ (২৬ বলে ৩৮), যুবরাজ সিং (১৬ বলে ২৪), তিরুমালাসেট্টি সুমন (১৫ বলে ২৩) দলকে লড়াইয়ের ফেরানোর চেষ্টা করেন। কিন্তু নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে পুনে লক্ষ্যের ধারেকাছেও যেতে পারেনি।
৩৩ রানে ৩ উইকেট নিয়ে মিচেল জনসন মুম্বাইয়ের সেরা বোলার।
এর আগে রিকি পন্টিংয়ের সঙ্গে শচীন টেন্ডুলকারের (২৯ বলে ৪৪) ৫৪ রানের উদ্বোধনী জুটি মুম্বাইকে ভালো সূচনা এনে দেয়।
সেখান থেকে দীনেশ কার্তিকের (২৯ বলে ৪১) সঙ্গে ৫৫ ও কাইরন পোলার্ডের সঙ্গে অবিচ্ছিন্ন ৬৮ রানের চমৎকার দুটি জুটি গড়ে দলকে দুশ রানের কাছাকাছি নিয়ে যান রোহিত শর্মা। ৬২ রানে অপরাজিত থাকা রোহিতের ৩২ বলের ইনিংসে ৫টি ছক্কা ও ৩টি চার।
