২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিবির প্রতি গ্ল্যাডিয়েটর্সের ক্ষোভ

চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে এবারো বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএলের কোনো দল নেই। টানা দ্বিতীয় বার চ্যাম্পিয়ন হওয়ার পরও সুযোগ না পাওয়ায় ভীষণ হতাশ ঢাকা গ্ল্যাডিয়েটর্সের অভিযোগের তীর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দিকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2013, 03:36 PM

Updated : 23 Aug 2022, 10:33 AM

ভারতে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি হবে।

শুক্রবার এক বিবৃতিতে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের ব্যবস্থাপনা পরিচালক শিহাব চৌধুরী বলেন, “আমার এখনো বিশ্বাস হচ্ছে না, সব কিছু ইতিবাচক থাকার পরও এ বছর চ্যাম্পিয়ন্স লিগে আমাদের সুযোগ দেয়া হচ্ছে না। আমরা এর কোনো যুক্তিগ্রাহ্য কারণ খুঁজে পাচ্ছি না।”

“আমরা আইসিসির সঙ্গে দেখা করেছি, টুর্নামেন্টের আয়োজকদের সঙ্গে বৈঠকের জন্যও অপেক্ষা করেছি। আমরা ভেবেছিলাম বিসিবি এ ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ডকে উদ্যোগ নেয়ার অনুরোধ ও সুপারিশ করবে। কিন্তু বিস্ময়কর হলেও সত্যি, তারা সেটা করেনি,” যোগ করেন তিনি।

শিহাব চৌধুরী আরো বলেন, “আমাদের বলা হয়েছিল, এ বছর আমাদের চ্যাম্পিয়ন্স লিগে অংশ নেয়ার ভালো সম্ভাবনা আছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের সঙ্গে যোগাযোগ করেনি।”

এবারের চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে ১০টি দল দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে। আটটি দল সরাসরি চূড়ান্ত পর্বে খেলবে। বাছাই পর্বের বাধা অতিক্রম করে তাদের সঙ্গে যোগ দেবে দুটি দল। এবারের প্রতিযোগিতায় ইংল্যান্ডের কোনো দল নেই।