পুনের প্রথম জয়
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বৃহস্পতিবারের দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়েছে পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া।
তিন খেলায় এটি পুনের প্রথম জয়, সমান খেলায় রাজস্থানের প্রথম হার।
পুনের সুব্রত রায় সাহারা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৪৫ রান করে রাজস্থান। জবাবে ১৮ ওভার ৪ বলে ৩ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় পুনে।
লক্ষ্য তাড়া করতে নেমে রবিন উথাপ্পার (১৬ বলে ৩২) সঙ্গে ৫৮ ও রস টেইলরের (১৭) সঙ্গে ৪৬ রানের দুটি ভালো জুটি গড়ে দলকে সহজ জয়ের ভিত গড়ে দেন অ্যারন ফিঞ্চ (৬৪)। তার ৫৩ বলের ইনিংসে ৬টি চার ও ৩টি ছক্কা।
দলীয় ১৩১ রানে ফিঞ্চের বিদায়ের পর বাকি কাজটুকু সহজেই সারেন যুবরাজ সিং (২৩ বলে ২৮*)।
এর আগে ব্যাট করতে নেমে দ্বিতীয় উইকেটে অজিঙ্কা রাহানের (৩০) সঙ্গে অধিনায়ক রাহুল দ্রাবিড়ের (৪৮ বলে ৫৪) ৮১ রানের জুটি রাজস্থানকে বড় সংগ্রহের ভিত গড়ে দেয়।
কিন্তু রাহানের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় শেষ পর্যন্ত দেড়শ পেরুতে পরেনি রাজস্থান।
পুনের পক্ষে রাহুল শর্মা ও যুবরাজ দুটি করে উইকেট নেন।
