জিম্বাবুয়ের পথে অনুপ্রাণিত বাংলাদেশ
গত মাসে শ্রীলঙ্কা সফর ভালোই কেটেছে বাংলাদেশ দলের। একটি টেস্ট ড্র করেছে, অমীমাংসিত রেখেছে ওয়ানডে সিরিজ। সেই অনুপ্রেরণাকে সঙ্গী করে বুধবার জিম্বাবুয়ের উদ্দেশে রওনা দিয়েছে মুশফিকুর রহিমের দল।
এবারের জিম্বাবুয়ে সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ১৭ এপ্রিল থেকে হারারেতে প্রথম টেস্ট।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক মুশফিক বলেন, “আমাদের ব্যাটসম্যানরা ছন্দে আছে। এটা আমাদের জন্য ইতিবাচক দিক। জিম্বাবুয়েতে গিয়ে ওদের পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয়া আমাদের প্রথম লক্ষ্য। আমরা পূর্ণ প্রস্তুতি নিয়েই জিম্বাবুয়ে যাচ্ছি।”
শ্রীলঙ্কা থেকে ফেরার পর একের পর এক হরতালের কারণে এক দিনও অনুশীলন করতে পারেনি বাংলাদেশ। তবে এ নিয়ে অভিযোগ নেই অধিনায়কের। বরং চোট কাটিয়ে সাকিব আল হাসান ও তামিম ইকবাল ফেরায় মুশফিক উচ্ছ্বসিত। তিনি বলেন, “ওদের প্রত্যাবর্তন আমাদের দলের শক্তি বাড়িয়েছে। সবাই ভালো খেলছে বলে জায়গা পাওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা বাড়বে। এটাও দলের জন্য ভালো দিক।”
২০১১ সালে সর্বশেষ জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট হেরে যাওয়ার পর ওয়ানডে সিরিজও হেরেছিল বাংলাদেশ। ঐ সফরের পর বাংলাদেশ দলে অনেক পরিবর্তন আসে। অধিনায়কত্ব হারান সাকিব, তামিমকেও সরিয়ে দেয়া হয় সহ-অধিনায়কের পদ থেকে। দল থেকে বাদ পড়েন মোহাম্মদ আশরাফুল।
মুশফিক বলেন, “ঐ সফরে একমাত্র টেস্টের পিচ খুবই বাজে ছিল। আমাদের হারের অন্যতম কারণ ছিল ব্যাটসম্যানদের ব্যর্থতা।”
“তবে এবার জিম্বাবুয়েও ছন্দে নেই। ওয়েস্ট ইন্ডিজ সফরে তারা একদমই ভালো খেলতে পারেনি। সব ম্যাচই বাজে ভাবে হেরেছে,” যোগ করেন তিনি।
জিম্বাবুয়েতে সাফল্যের জন্য পেস বোলিংয়ের ওপরে বেশি নির্ভর করতে হবে জানিয়ে মুশফিক আরো বলেন, “মাশরাফি ভাইকে আমাদের খুব দরকার ছিল। জিম্বাবুয়েতে পেস সহায়ক উইকেটে খেলা হবে। তাই পেসারদের বাড়তি দায়িত্ব নিয়ে খেলতে হবে।”
