বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টাইটেল স্পন্সর টেলিটক
বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি তিনটি সিরিজেরই টাইটেল স্পন্সর হয়েছে টেলিটক বাংলাদেশ।
বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টেলিটকের বিপণন ও বিক্রয় মহাব্যবস্থাপক মো. হাবিবুর রহমান এ কথা জানিয়েছেন।
সিরিজের লোগো ও ট্রফি উন্মোচন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী সাহারা খাতুন। এ সময় তিনি বলেন, “সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে টেলিটক ক্রীড়া ক্ষেত্রে অবদান রাখার চেষ্টা করছে। অন্যান্য সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানকেও আমি ক্রীড়াঙ্গনে পৃষ্ঠপোষকতা বাড়ানোর আহ্বান জানাচ্ছি।”
গত মাসে বাংলাদেশের শ্রীলঙ্কা সফরেও তিনটি সিরিজের কো-স্পন্সর ছিল টেলিটক। সেই অভিজ্ঞতা এবার টাইটেল স্পন্সর হতে অনুপ্রাণিত করেছে বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।
এবারের জিম্বাবুয়ে সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। প্রথম টেস্ট শুরু হবে ১৭ এপ্রিল থেকে, হারারেতে।
