দিল্লির টানা তৃতীয় হার
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মঙ্গলবারের দ্বিতীয় ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসকে সহজেই ৪৪ রানে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।
তিন খেলায় এটি মুম্বাইয়ের দ্বিতীয় জয়, সমান খেলায় দিল্লির তৃতীয় হার।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২০৯ রান করে মুম্বাই। ষষ্ঠ আসরে এই প্রথম কোনো দলের স্কোর দুশ পেরুল। জবাবে ৯ উইকেটে ১৬৫ রানেই থেমে যায় দিল্লির ইনিংস।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে ১৩ রানে ২ উইকেট হারালেও দিল্লিকে কক্ষপথে রেখেছিলেন ডেভিড ওয়ার্নার। দলীয় ৯৫ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে ৩৭ বলে ৫টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৬১ রান করেন তিনি।
ওয়ার্নারের বিদায়ের পর লক্ষ্যের ধারে কাছেও যেতে পারেনি দিল্লি। মানপ্রিত জুনেজার ৪৯ রান পরাজয়ের ব্যবধানই কমিয়েছে কেবল।
মুম্বাইয়ের পক্ষে প্রজ্ঞান ওঝা, কাইরন পোলার্ড ও মিচেল জনসন দুটি করে উইকেট নেন।
এর আগে ব্যাট করতে নেমে ১ রানে অধিনায়ক রিকি পন্টিং ও শচীন টেন্ডুলকারের বিদায়ে শুরুতে চাপে পড়ে মুম্বাই। তৃতীয় উইকেটে রোহিত শর্মার সঙ্গে দীনেশ কার্তিকের ১৩২ রানের জুটি মুম্বাইকে বড় সংগ্রহের ভিত গড়ে দেয়।
দলীয় ১৩৩ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে ৮৬ রানের অনবদ্য এক ইনিংস খেলেন কার্তিক। তার ৪৮ বলের ইনিংসে ১৪টি চার ও ২টি ছক্কা।
এরপর পোলার্ড (৭ বলে ১৩) ও অম্বাতি রাইডু (৮ বলে ২৪) দুটি ছোট্ট কিন্তু কার্যকর ইনিংস খেললেও মুম্বাইয়ের রান দুশ পেরুয় রোহিতের কৃতিত্বে। ৭৪ রানে অপরাজিত থাকা রোহিতের ৫০ বলের ইনিংসে ৫টি ছক্কা ও ৪টি চার।
দিল্লির পক্ষে আশীষ নেহরা ২ উইকেট নেন ৪৯ রানে।
