২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নেই শেবাগ

উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দর শেবাগকে বাদ দিয়ে আগামী জুনে ইংল্যান্ডে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন ভারতের নির্বাচকরা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2013, 07:13 PM

Updated : 23 Aug 2022, 10:30 AM

সুযোগ পাননি অভিজ্ঞ বাঁহাতি পেসার জহির খান এবং অফস্পিনার হরভজন সিংও। ২০১১ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডের রেকর্ড ২১৯ রানের ইনিংস এসেছিল শেবাগের ব্যাট থেকে। শচীন টেন্ডুলকারের পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসাবে ওয়ানডেতে দ্বি-শতক করার কৃতিত্ব তার। তবে ইদানীং ব্যাট হাতে তেমন ছন্দে নেই ২৫১ ওয়ানডেতে ১৫টি শতকসহ ৮২৭৩ রান করা শেবাগ। সম্প্রতি দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার টেস্টের সিরিজের শেষ দুটিতে দল থেকে বাদ পড়েন তিনি। সিরিজটি ৪-০ ব্যবধানে জেতে ভারত। ভারতের প্রাথমিক দলে সবচেয়ে বড় চমক জম্মু ও কাশ্মীরের ২৪ বছর বয়সী অফস্পিনার পারভেজ রসুল। চ্যাম্পিয়ন্স ট্রফির ‘বি’ গ্রুপে ভারতের সঙ্গী পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। ‘এ’ গ্রুপের চার দল স্বাগতিক ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের প্রথম আটটি দল এই প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ পায়। ভারতের প্রাথমিক দল: মহেন্দ্র সিং ধোনি, মুরালি বিজয়, শিখর ধাওয়ান, গৌতম গম্ভীর, উন্মুক্ত চাঁদ, বিরাট কোহলি, যুবরাজ সিং, সুরেশ রায়না, রোহিত শর্মা, মনোজ তিওয়ারি, অজিঙ্কা রাহানে, আম্বাতি রাইডু, কেদার যাদব, ঋদ্ধিমান সাহা, দীনেশ কার্তিক, রবিচন্দ্রন অশ্বিন, অমিত মিশ্র, রবীন্দ্র জাদেজা, জালাজ সাক্সেনা, পারভেজ রসুল, ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার, অশোক দিন্দা, উমেশ যাদব, সামি আহমেদ, ইরফান পাঠান, বিনয় কুমার, প্রাভিন কুমার, ঈশ্বর পাণ্ডে ও সিদ্ধার্থ কাউল।