২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাইয়ের প্রথম জয়

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শনিবারের দ্বিতীয় খেলায় চেন্নাই সুপার কিংসকে ৯ রানে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2013, 06:25 PM

Updated : 23 Aug 2022, 10:30 AM

দুই খেলায় এটি মুম্বাইয়ের প্রথম জয়। অন্য দিকে হার দিয়ে শিরোপা পুনরুদ্ধারের লড়াই শুরু হল দুবারের চ্যাম্পিয়নদের।

চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৪৮ রান করে মুম্বাই। জবাবে ৯ উইকেটে ১৩৯ রানেই থেমে যায় চেন্নাইয়ের ইনিংস।

লক্ষ্য তাড়া করতে নেমে ৬৬ রানে প্রথম পাঁচ ব্যাটসম্যান বিদায় নিলে ভীষণ বিপদে পড়ে চেন্নাই। সেখান থেকেও দলকে জয়ের দিকে নিয়ে গিয়েছিলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

জয়ের জন্য শেষ ওভারে ১২ রান প্রয়োজন ছিল চেন্নাইয়ের। মুনাফ প্যাটেলের করা প্রথম বল ডিপ মিডউইকেটের ওপর দিয়ে সীমানা ছাড়া করতে গিয়ে কাইরন পোলার্ডের দুর্দান্ত ক্যাচে পরিণত ধোনি (৫১) বিদায় নিলে আর পেরে উঠেনি চেন্নাই। ধোনির ২৬ বলের ইনিংসে ৫টি চার ও ৩টি ছক্কা।

২৯ রানে ৩ উইকেট নিয়ে মুনাফ মুম্বাইয়ের সেরা বোলার।

এর আগে ব্যাট করতে নেমে শচীন টেন্ডুলকার (০) ও অধিনায়ক রিকি পন্টিংয়ের (৬) দ্রুত বিদায়ে মুম্বাইয়ের শুরুটা ভালো হয় নি। ২৫ বলে ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে দীনেশ কার্তিকের ৩৭ রানের পরও ৫৯ রানে ৪ উইকেট হারিয়ে অস্বস্তিতে পড়ে মুম্বাই।

সেখান থেকে দলকে দেড়শ রানের কাছাকাছি নিয়ে যান পোলার্ড ও হরভজন সিং (২১*)। সপ্তম উইকেটে ৮ ওভারে ৬৫ রানের অবিচ্ছন্ন জুটি গড়েন তারা। পোলার্ড অপরাজিত থাকেন ৫৭ রানে। তার ৩৮ বলের ইনিংসে ৫টি ছক্কা ও ৪টি চার।

চেন্নাইয়ের পক্ষে ডোয়াইন ব্রাভো ২ উইকেট নেন ৪৪ রানে।