২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টি-টোয়েন্টি বিশ্বকাপের লোগো উন্মোচন

শনিবার বর্ণাঢ্য আয়োজনে উন্মোচিত হয়েছে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের লোগো। আগামী বছরের ১৬ মার্চ থেকে বাংলাদেশে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ৬ এপ্রিল ফাইনাল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2013, 04:34 PM

Updated : 25 Apr 2022, 06:34 PM

হোটেল র‌্যাডিসনে জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিমের ছক্কা হাঁকানোর দৃশ্য দিয়ে উন্মোচিত হয় লোগো।

রাত পৌনে ৮টায় শুরু হওয়া লোগো উন্মোচন অনুষ্ঠানে মুশফিক ছাড়াও উপস্থিত ছিলেন সাকিব আল হাসান, মোহাম্মদ আশরাফুল, নাসির হোসেনের মতো তারকা ক্রিকেটাররা।

প্রাচ্য নাট্য দলের পরিবেশনার মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠান পরিচালনা করেন ফারা শারমিন ও সাবেক ক্রিকেটার আতহার আলী খান। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের অর্জন তুলে ধরা হয় এই অনুষ্ঠানে।

স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন আইসিসি সহ-সভাপতি আ হ ম মুস্তফা কামাল, বিসিবির অ্যাডহক কমিটির সদস্যবৃন্দ এবং সাবেক ক্রিকেটাররা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী ফারুক খান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ এবং ক্রীড়া বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ হাসান রাসেল।

গান পরিবেশন করেন দুই জনপ্রিয় শিল্পী হাবিব ওয়াহিদ ও ন্যান্সি। প্রখ্যাত জাদুশিল্পী জুয়েল আইচ খালি একটি বাক্স থেকে আশরাফুলকে বের করে এনে সবাইকে চমকে দেন।

গ্রামীণ পটভূমিতে ক্রিকেট মাঠের জীবন্ত দৃশ্য তুলে ধরা হয়। তখন মঞ্চে ক্রিকেট খেলছিলেন মুশফিকরা। অধিনায়কের ছক্কা হাঁকানো বল গ্রামের একটি বাসার রান্নাঘরে আঘাত করলে সেখান থেকে বেরিয়ে আসে টি-টোয়েন্টি বিশ্বকাপের লোগো।