২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আপাতত মিসবাহ-হোয়াটমোরের রেহাই

দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজের সবগুলোতে হেরে যাওয়ার পর থেকেই পাকিস্তানের ক্রিকেটাঙ্গনের অনেকে অধিনায়ক মিসবাহ-উল-হক ও কোচ ডেভ হোয়াটমোরের অপসারণের পক্ষে। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি জাকা আশরাফ এখনই দলে বড় ধরনের পরিবর্তনের পক্ষপাতী নন।

রয়টার্স

.

রয়টার্স

Published : 02 Apr 2013, 04:00 PM

Updated : 23 Aug 2022, 10:29 AM

বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, “মিসবাহর অধিনায়কত্ব বা হোয়াটমোরের কোচিংয়ে আমি কোনো সমস্যা দেখছি না। প্রায় বছর খানেক ধরে তারা বেশ ভালো করছে এবং তা মাথায় রেখেই দক্ষিণ আফ্রিকায় তাদের পারফরম্যান্সের পর্যালোচনা করা উচিৎ।”

পিসিবি সভাপতি আরো বলেন, “বর্তমানে ক্রিকেট হল বিজ্ঞানের মতো। দলের ব্যবস্থাপনা এবং খেলোয়াড়দের প্রতি আমাদের আস্থা রাখতে হবে। ভালো খেলার জন্য ভালো পরিবেশ এবং আরো সুযোগ-সুবিধা দেয়ার চেষ্টা করতে হবে। তা হলেই ভালো পারফরম্যান্সের আশা করা যায়।”

দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজে ব্যর্থতার কারণে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দল থেকে এরই মধ্যে বাদ পড়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনুস খান।

মিসবাহ অবশ্য দক্ষিণ আফ্রিকা সফরে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে সফল। টেস্ট সিরিজে ২২.৫ গড়ে মাত্র ১৩৫ রান করলেও ওয়ানডেতে ৫৬.৭৫ গড়ে ২২৭ রান এসেছে তার ব্যাট থেকে।

তবে ওয়ানডেতে অন্য কারণে তিনি সমালোচিত। পাকিস্তানের কয়েক জন সাবেক ক্রিকেটারের মতে, মিসবাহর ধীর গতির ব্যাটিং এবং রক্ষণাত্মক অধিনায়কত্ব জয়ের পথে অন্তরায়।