২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলে পাঁচ নবাগত

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচের জন্য ঘোষিত শ্রীলঙ্কা দলে নতুন মুখ পাঁচটি। রোববার পাল্লেকেলেতে এই ম্যাচ দিয়ে শেষ হবে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2013, 07:47 PM

Updated : 23 Aug 2022, 10:27 AM

শ্রীলঙ্কার এই পাঁচ নবাগত হলেন অলরাউন্ডার শেহান জয়াসুরিয়া, চতুরঙ্গ ডি সিলভা, রামিথ রামবুকওয়েল্লা ও পেসার ইশান জয়ারত্নে। ওয়ানডে দলে থাকা ব্যাটসম্যান অ্যাঞ্জেলো পেরেরাকেও রাখা হয়েছে টি-টোয়েন্টি দলে। পাঁচ জনের কারো বয়সই ২৪ বছর পেরোয়নি। দলের একমাত্র ত্রিশোর্ধ্ব সদস্য অলরাউন্ডার জীবন মেন্ডিস। এই ম্যাচে কুমার সাঙ্গাকারা, তিলকরত্নে দিলশান ও নুয়ান কুলাসেকারাকে বিশ্রাম দেয়া হয়েছে। আঙ্গুলের চোট কাটিয়ে সেরে উঠলেও বিবেচনা করা হয়নি শ্রীলঙ্কার সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান ও সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনেকে। টি-টোয়েন্টি ম্যাচটিতে স্বাগতিকদের নেতৃত্ব দেবেন দীনেশ চান্দিমাল। সহ-অধিনায়ক লাসিথ মালিঙ্গা। টেস্ট সিরিজে অভিষিক্ত কিথুরুয়ান ভিথানাগে ওয়ানডের মত টি-টোয়েন্টি দলেও ডাক পেয়েছেন। এই দলে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার সচিত্র সেনানায়েকে। তবে সুযোগ পাননি অজন্তা মেন্ডিস, আকিলা দনাঞ্জয়া ও থারিন্ডু কুশল। শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল: দীনেশ চান্দিমাল (অধিনায়ক ও উইকেটরক্ষক), লাসিথ মালিঙ্গা (সহ-অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, জীবন মেন্ডিস, কুশল পেরেরা, লাহিরু থিরিমান্নে, দিলশান মুনাবীরা, কিথুরুয়ান ভিথানাগে, অ্যাঞ্জেলো পেরেরা, সচিত্র সেনানায়েকে, শামিন্দা এরাঙ্গা, চতুরঙ্গ ডি সিলভা, শেহান জয়াসুরিয়া, রামিথ রামবুকওয়েল্লা, ইশান জয়ারত্নে ও থিসেরা পেরেরা।