২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিয়নের ঘূর্ণিতে লড়াইয়ে অস্ট্রেলিয়া

অফস্পিনার নাথান লিয়নের দারুণ বোলিংয়ে দিল্লিতে চতুর্থ ও শেষ টেস্টে ‍ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। শনিবার ৮ উইকেটে ২৬৬ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করা ভারত মাত্র ৪ রানে এগিয়ে আছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2013, 02:17 PM

Updated : 23 Aug 2022, 10:25 AM

ফিরোজ শাহ কোটলায় ৮ উইকেটে ২৩১ রান নিয়ে দিন শুরু করা অস্ট্রেলিয়া অলআউট হওয়ার আগে ২৬২ রান করে।

টেস্টে প্রথম অর্ধশতকের দেখা পাওয়া পিটার সিডলের ব্যাট থেকে আসে ৫১ রান। নবম উইকেটে সিডলের সঙ্গে ৫৪ রান যোগ করা জেমস প্যাটিনসনের অবদান ৩০ রান।

৫৭ রানে ৫ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। টেস্টে এ নিয়ে নবম বারের মতো ইনিংসে ৫ উইকেট পেলেন তিনি। মাত্র একটি উইকেট পেলেও সেটি ছিল ২২তম টেস্ট খেলতে নামা প্রজ্ঞান ওঝার শততম শিকার।

উদ্বোধনী ব্যাটসম্যান হলেও অভিষিক্ত অজিঙ্কা রাহানেকে শুরুতে নামায়নি ভারত। মুরালি বিজয়ের সঙ্গে উদ্বোধন করতে নামেন চেতেশ্বর পুজারা।

দুজনই অর্ধশতক করেন, ভারতও পায় ১০৮ রানের দারুণ উদ্বোধনী জুটি। কিন্তু পরের ব্যাটসম্যানদের ব্যর্থতায় সুন্দর সূচনা কাজে লাগাতে পারেনি ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করে ফেলা স্বাগতিকরা।

৩২ রান করে লিয়নের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন শচীন টেন্ডুলকার। পুজারা, রাহানে আর বিরাট কোহলিকেও ফেরান লিয়ন।

অশ্বিনকে ফিরিয়ে তৃতীয় বারের মতো ইনিংসে ৫ উইকেট পাওয়ার আনন্দে মেতে ওঠেন তিনি। দিনের খেলারও সেখানেই সমাপ্তি।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ২৬২ (কাওয়ান ৩৮, ওয়ার্নার ০, হিউজ ৪৫, ওয়াটসন ১৭, স্মিথ ৪৬, ওয়েড ২, ম্যাক্সওয়েল ১০, জনসন ৩, সিডল ৫১, প্যাটিনসন ৩০, লিয়ন ৮*; অশ্বিন ৫/৫৭, ইশান্ত ২/৩৫, জাদেজা ২/৪০, ওঝা ১/৭৫)

ভারত প্রথম ইনিংস: ২৬৬/৮ (বিজয় ৫৭, পুজারা ৫২, কোহলি ১, টেন্ডুলকার ৩২, রাহানে ৭, ধোনি ২৪, জাদেজা ৪৩, অশ্বিন ১২, ভুবনেশ্বর ১০*; লিয়ন ৫/৯৪, ম্যাক্সওয়েল ১/৮, সিডল ১/৩৮, প্যাটিনসন ১/৫৪)