২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেন্ডুলকারের সঙ্গেও মতবিরোধ হয় ধোনির

ভারতের বেশির ভাগ ক্রিকেটারের মতো শচীন টেন্ডুলকার তার জীবনের আদর্শ। তবে কখনো-কখনো টেন্ডুলকারের মতামতের বিরোধিতা করতেও দ্বিধা করেন না ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2013, 10:58 AM

Updated : 23 Aug 2022, 10:25 AM

দিল্লির সাংবাদিক বিমল কুমারের লেখা ‘টেন্ডুলকার: দ্য ক্রিকেটার অব দ্য সেঞ্চুরি’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ধোনি বলেন, “ক্রীড়াঙ্গনে টেন্ডুলকারই আমার নায়ক। সেটা অবশ্যই তাকে ঘিরে বিচ্ছুরিত এক ধরণের আভার কারণে। এমনকি এখনো ক্রিকেট মাঠের বাইরে তার সঙ্গে কথা বলতে আমার সমস্যা হয়। তবে মাঠে দলীয় কৌশল নির্ধারণে আমি সব সময় সৎ মতামত দেই।”

“টেন্ডুলকার ও আমি মাঠে দলীয় কৌশল নিয়ে প্রায়ই আলোচনা করি। কোনো বিষয়ে আমি নিশ্চিত হলে এমনকি তার সঙ্গে দ্বিমত পোষণ করতেও দ্বিধা করি না। এবং এমন ঘটনা প্রায়ই ঘটে। আমার মনে হয় এই সততার জন্যই তিনি হয়তো আমাকে অধিনায়ক করার পরামর্শ দিয়েছিলেন,” যোগ করেন ভারতের ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক।