২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০৬ রানে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

ক্রিস গেইল ও শিবনারায়ণ চন্দরপলের শতকের সুবাদে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৮ উইকেটে ৩৮১ রান। স্বাগতিকরা এগিয়ে আছে ২০৬ রানে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2013, 05:35 AM

Updated : 23 Aug 2022, 10:25 AM

চন্দরপল ১০৮ এবং গেইল ১০১ রান করেন।

ডমিনিকার উইন্ডসর পার্কে এক দিনে তিনটি শতক দেখতে পারত দর্শকরা। কিন্তু দীনেশ রামদিন ৮৬ রান করে গ্রায়েম ক্রেমারের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ায় তা হয়নি। পঞ্চম উইকেটে চন্দরপলের সঙ্গে ১৭৩ রানের জুটি গড়েন রামদিন।

২৮তম শতক করার পথে মাহেলা জয়াবর্ধনেকে পেছনে ফেলে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ৮ নম্বরে উঠে এসেছেন ৩৮ বছর বয়সী চন্দরপল। ১৪৮ টেস্টে ১০,৮৩০ রান করেছেন তিনি।

প্রসপার উৎসেইয়ার বলে শন উইলিয়ামসের ক্যাচে পরিণত হওয়ার আগে প্রায় ছয় ঘন্টা ও ২৮৪ বল স্থায়ী ইনিংসে দুবার জীবন পেয়েছেন চন্দরপল।

এর আগে সীমানার কাছে কাইল জার্ভিসের দুর্দান্ত ক্যাচে পরিণত হয়ে বিদায় নেন গেইল। পঞ্চদশ টেস্ট শতকে পৌঁছানোর পথে চার বলের ব্যবধানে তিনটি ছক্কা মেরে ৯৯ রানে চলে যান তিনি। এরপর এক রান নিয়ে স্পর্শ করেন তিন অঙ্ক।

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে প্রথম ইনিংস: ১৭৫ (মায়োয়ো ৮, সিবান্দা ৩২, মাসাকাদজা ১৪, টেইলর ৩৩, আর্ভিন ১৮, উইলিয়ামস ৩১, ওয়ালার ৯, ক্রেমার ০, উৎসেইয়া ৯, জার্ভিস ১*, চাতারা ৪; শিলিংফোর্ড ৫/৫৯, স্যামুয়েলস ৩/১৫, গ্যাব্রিয়েল ২/১০)


ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ৩৮১/৮ (গেইল ১০১, পাওয়েল ২৪, ড্যারেন ব্রাভো ০, স্যামুয়েলস ২৬, চন্দরপল ১০৮, রামদিন ৮৬, স্যামি ৯, শিলিংফোর্ড ৪*, রোচ ০, বেস্ট ১১*; উৎসেইয়া ৩/৬০, জার্ভিস ২/৮২, ক্রেমার ২/১০২, চাতারা ১/৬৯)