২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইতিহাস গড়েই মাঠের বাইরে ধাওয়ান

অভিষেক টেস্টে দ্রুততম শতক করে ইতিহাস গড়ে, ম্যাচ সেরার পুরস্কার নিয়েই মাঠের বাইরে চলে গেলেন শিখর ধাওয়ান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2013, 08:57 PM

Updated : 23 Aug 2022, 10:24 AM

শুক্রবার থেকে দিল্লিতে শুরু হতে যাওয়া চতুর্থ ও শেষ টেস্টে বাঁ হাতের চোটের কারণে খেলতে পারবেন না ভারতের এই বাঁহাতি ওপেনার।

ধাওয়ানের ৩৩টি চার ও দুটি ছক্কা সমৃদ্ধ অনবদ্য ১৮৭ রানের ওপরে ভর করে সোমবার মোহালি টেস্টে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে ভারত। সিরিজে স্বাগতিকরা এগিয়ে আছে ৩-০ ব্যবধানে।

মোহালিতে ফিল্ডিং করতে গিয়ে হাতে ব্যথা পাওয়ায় দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারেননি ধাওয়ান। সেরে উঠে মাঠে ফিরতে ৬ সপ্তাহ লাগতে পারে তার।

ধাওয়ানের জায়গায় নেয়া হয়েছে আরেক বাঁহাতি ব্যাটসম্যান সুরেশ রায়নাকে। গত অগাস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন তিনি। ভারতের চতুর্থ টেস্টের দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, সুরেশ রায়না, মুরালি বিজয়, অজিঙ্কা রাহানে, চেতেশ্বর পূজারা, রবীন্দ্র জাদেজা, হরভজন সিং, ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার, রবিচন্দ্রন অশ্বিন, প্রজ্ঞান ওঝা ও অশোক দিন্দা।