শ্রীলঙ্কার পথে তিন ক্রিকেটার
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নিতে রোববার ঢাকা ছেড়েছেন তিন ক্রিকেটার।
ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলের ১২ জনই এখন শ্রীলঙ্কায়। তাদের সঙ্গে যোগ দিতে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেন অলরাউন্ডার জিয়াউর রহমান, পেসার নাজমুল হোসেন ও বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেন।
ওয়ানডে দল ঘোষণার পর এই তিন ক্রিকেটার বিসিবি-সাহারা জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান কোচ রিচার্ড ম্যাকিন্সের অধীনে অনুশীলন করেছেন।
হাম্বানটোটায় ২৩ ও ২৫ মার্চ প্রথম দুটি ওয়ানডে এবং ২৮ মার্চ পাল্লেকেলেতে তৃতীয় ও শেষ ওয়ানডে হবে।
ওয়ানডে দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদুল্লাহ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুল, আব্দুর রাজ্জাক, নাসির হোসেন, রুবেল হোসেন, আবুল হাসান, সোহাগ গাজী, জহুরুল ইসলাম, এনামুল হক, মমিনুল হক, জিয়াউর রহমান, মোশাররফ হোসেন ও নাজমুল হোসেন।
