২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মমিনুলের চোখে ‘খলনায়ক’ আউট ফিল্ড

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ৬৩৮ রান করা বাংলাদেশ দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৪০ রানেই অলআউট। প্রত্যাশিত সংগ্রহ গড়তে না পারার জন্য খারাপ আউট ফিল্ডকে দায়ী করেছেন মমিনুল হক।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2013, 03:00 PM

Updated : 23 Aug 2022, 10:23 AM

শনিবার প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের বাঁহাতি ব্যাটসম্যান বলেন, “আউট ফিল্ড ভালো নয়। মন্থর আউট ফিল্ডের কারণে আমাদের অন্তত ৬০ রান কম হয়েছে। নইলে ৩০০ থেকে ৩২০ রান হতে পারত। তাছাড়া এত গরমে বেশিক্ষণ ব্যাট করাও কঠিন।”

ধীর আউট ফিল্ডের জন্য প্রথম চারের দেখা পেতে ১৮তম ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশকে।

টানা দ্বিতীয় অর্ধ-শতক করা মমিনুল আরো বলেন, “আমরা সম্ভবত পিচের চরিত্র বুঝতে ভুল করেছি। বল স্বাভাবিকভাবে ব্যাটে এসেছে। পেসারদের জন্য বাড়তি বাউন্সও ছিল না পিচে।”

প্রথম ঘন্টায় বোলাররা কিছুটা সুবিধা পেলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পিচ ব্যাটিং সহায়ক হয়ে ওঠার কথা জানিয়ে তিনি বলেন, “দ্বিতীয় সেশনে পিচ বেশ সহজ হয়ে যায়। তখন থেকে বল ভালোভাবে ব্যাটে আসে। আমি তাই ব্যাটিংটা খুব উপভোগ করেছি।”