২৪০ রানের পর দিলশানের উইকেট
কলম্বোয় দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের চেয়ে ২২২ রানে পিছিয়ে শ্রীলঙ্কা। অতিথিদের ২৪০ রানের জবাবে ১ উইকেটে ১৮ রান করেছে শ্রীলঙ্কা।
শনিবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ভীষণ মন্থর আউট ফিল্ড অতিথি ব্যাটসম্যানদের কাজ আরো কঠিন করে তুলে। কব্জির চোট কাটিয়ে দলে ফেরা তামিম ইকবাল নুয়ান কুলাসেকারার বলে এলবিডব্লিউর ফাঁদে পড়লে ১৬ রানেই প্রথম উইকেট হারায় অতিথিরা।
গল টেস্টে ১০ রানের জন্য দ্বি-শতক না পাওয়া মোহাম্মদ আশরাফুল এই ম্যাচেও ছিলেন সমান সাবলীল। একটু দেরিতে দৌঁড় শুরু করে সমিন্দা এরাঙ্গার সরাসরি থ্রোয়ে রান আউট হয়ে ফেরার আগে আঠারোতম ওভারে তার ব্যাট থেকেই আসে বাংলাদেশের প্রথম চার।
তৃতীয় উইকেটে জহুরুল ইসলামের সঙ্গে মমিনুল হকের ৪৯ রানের জুটি প্রাথমিক ধাক্কা সামলে দলকে ভালো অবস্থানের দিকে নিয়ে যাচ্ছিল। এরাঙ্গার অনেক বাইরের একটি বল কাট করতে গিয়ে উইকেটরক্ষক দীনেশ চান্দিমালের ক্যাচে পরিণত হয়ে জহুরুল দলীয় ১০০ রানে বিদায় নিলে ভাঙ্গে অতিথিদের দ্বিতীয় সর্বোচ্চ জুটি।
এরপর সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ও অধিনায়ক মুশফিকুর রহিমকে দ্রুত বিদায় করে অতিথিদের অস্বস্তিতে ফেলেন রঙ্গনা হেরাথ। মাহমুদুল্লাহ এগিয়ে এসে মারতে গিয়ে ঠিক ভাবে খেলতে না পেরে স্লিপে ক্যাচ দেন। আর আগের ম্যাচে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে দ্বি-শতকে পৌঁছানো মুশফিক পেছনের পায়ে খেলতে গিয়ে বোল্ড হয়ে যান।
চা-বিরতির পর মমিনুল আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে সাজঘরের পথ ধরলে বেশ চাপে পড়ে বাংলাদেশ। হেরাথের স্ট্যাম্পের অনেক বাইরের একটি বল পা বাড়িয়ে খেলতে গিয়ে ব্যাটে লাগাতে পারেন নি। তারপরও আউটের সিদ্ধান্ত দেয়ায় হতাশা নিয়ে মাঠ ছাড়েন বাঁহাতি এই ব্যাটসম্যান।
সেখান থেকে দলের স্কোর আড়াইশর কাছাকাছি নিয়ে যাওয়ার কৃতিত্ব নাসির হোসেনের। সপ্তম উইকেটে সোহাগ গাজীর সঙ্গে তার ৫৯ রানের জুটি অতিথিদের খেলায় ফেরানোর স্বপ্ন দেখাচ্ছিল। এটাই বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। দুজনকেই বিদায় করে প্রথম দিনটাকে স্বাগতিকদের করে রাখেন হেরাথ। এগিয়ে এসে খেলতে গিয়ে সোহাগ স্ট্যাম্পিং এবং দশম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়া নাসিরকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। ।
এর আগে দ্বিতীয় নতুন বলের প্রথম ওভারেই (৮১তম) আবুল হাসান ও রুবেল হোসেনকে ফিরিয়ে দেন কুলাসেকারা।
৬৮ রানে ৫ উইকেট নিয়ে হেরাথই শ্রীলঙ্কার সেরা বোলার। এ নিয়ে ১৫বার ৫ উইকেট নিলেন তিনি।
মাত্র ৪ ওভার বোলিংয়ের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। রবিউল ইসলাম তিলকারত্নে দিলশানকে মুশফিকের ক্যাচে পরিণত করে প্রথম ওভারেই দলকে সাফল্য এনে দিয়েছিলেন। কিন্তু দিমুথ করুনারত্নে ও কুমার সাঙ্গাকারা দিনের বাকি সময়টুকু নিরাপদেই কাটিয়ে দেন।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ প্রথম ইনিংস: ২৪০ (তামিম ১০, জহুরুল ৩৩, আশরাফুল ১৬, মমিনুল ৬৪, মাহমুদুল্লাহ ৮, মুশফিক ৭, নাসির ৪৮, সোহাগ ৩২, হাসান ৪, রুবেল ০, রবিউল ১*; হেরাথ ৫/৬৮, কুলাসেকারা ৩/৫৪, এরাঙ্গা ১/৪০)
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ১৮/১ (করুনারত্নে ১২*, দিলশান ০, সাঙ্গাকারা ৩*; রবিউল ১/১২)
