কলম্বোয় উজ্জীবিত, আত্মবিশ্বাসী বাংলাদেশ
প্রথম টেস্টের ব্যাটিং-নৈপুণ্যে বাংলাদেশ দল এখন দারুণ উজ্জীবিত। শনিবার থেকে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শুরু হতে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্টে ভালো খেলার ধারাবাহিকতা ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম।
শ্রীলঙ্কা সফরে আগের ৮ টেস্টের ৭টিতেই ইনিংস ব্যবধানে হারলেও এবার বাংলাদেশ চমকে দিয়েছে সবাইকে। গল টেস্টের প্রথম ইনিংসে ৬৩৮ রান করেছে বাংলাদেশ। ৭৬তম টেস্ট খেলতে নামা বাংলাদেশের তো বটেই, গলেও এটি সর্বোচ্চ টেস্ট ইনিংস। বাংলাদেশের পক্ষে প্রথম দ্বি-শতক করেছেন মুশফিক, মাত্র ১০ রানের জন্য দ্বি-শতকের দেখা পাননি মোহাম্মদ আশরাফুল।
শুক্রবার কলম্বোয় সাংবাদিকদের মুশফিক বলেন, “তারা (শ্রীলঙ্কা) খুবই শক্তিশালী দল। জানি পরের টেস্টে ওরা আমাদের ওপরে চাপ সৃষ্টির চেষ্টা করবে। আমরা ধারাবাহিক থাকতে চাই। এটাই আমাদের প্রধান লক্ষ্য।”
“প্রথম টেস্ট এখন অতীত। দলে দুয়েকটি পরিবর্তন আসতে পারে। তামিম ইকবাল সুস্থ এবং খেলার জন্য প্রস্তুত,” যোগ করেন তিনি।
ব্যাটিং নিয়ে তেমন চিন্তা না থাকলেও বোলিং নিয়ে বেশ দুর্ভাবনায় বাংলাদেশ। প্রথম টেস্টে তেমন সুবিধা করতে না পারা বাঁহাতি স্পিনার ইলিয়াস সানির বাদ পড়া মোটামুটি নিশ্চিত। টেস্ট চলার সময় শ্রীলঙ্কায় পৌঁছানো অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাকের সঙ্গে কলম্বোতে জুটি বাঁধতে পারেন অফস্পিনার সোহাগ গাজী।
শ্রীলঙ্কারও বোলিং নিয়ে সমস্যা। গলে স্বাগতিকদের হতাশ করেছেন দুই স্পিনার রঙ্গনা হেরাথ ও অজন্তা মেন্ডিস। কলম্বোয় মেন্ডিসের বাদ পড়ার সম্ভাবনা আছে।
দ্বিতীয় টেস্টের পিচ নিয়ে অবশ্য সন্তুষ্ট শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। তিনি বলেন, “কলম্বোর পিচ প্রাণবন্ত বলে মনে হচ্ছে। জিততে হলে আমাদের ২০ উইকেট নিতে হবে।”
“আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। বাংলাদেশ খুবই বিপজ্জনক দল। গলে তারা খুব ভালো খেলেছে। তাই আমাদের সতর্ক থাকতে হবে,” যোগ করেন তিনি।
