ব্রিজটাউনে ওয়েস্ট ইন্ডিজের স্বস্তি
দ্বিতীয় দিনের শেষ সময়ে জিম্বাবুয়ের তিন ব্যাটসম্যানকে বিদায় করে ব্রিজটাউনে প্রথম টেস্টে অবস্থান সুসংহত করেছে ওয়েস্ট ইন্ডিজ। বুধবার দিন শেষে ৩ উইকেটে ৪১ রান করা অতিথিরা এখনো ৫৫ রানে পিছিয়ে।
৯৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২৫ রানেই টিনো মায়োয়ো শ্যানন গ্যাব্রিয়েলের বলে দ্বিতীয় স্লিপে ড্যারেন স্যামির হাতে ধরা পরলে শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের।
হ্যামিল্টন মাসাকাদজা শেন শিলিংফোর্ডের বলে লেগ স্লিপে স্যামির হাতে ধরা পড়লে বেশ অস্বস্তিতে পড়ে অতিথিরা। এর আগে শিলিংফোর্ডকে ফিরতি ক্যাচ দিয়ে বিদায় নেন আরেক উদ্বোধনী ব্যাটসম্যান ভুসি সিবান্দা।
এক পর্যায়ে ১৫১ রানে ৬ উইকেট হারিয়ে ফেলা ওয়েস্ট ইন্ডিজকে ৩০৭ পর্যন্ত নিয়ে যাওয়ার কৃতিত্ব ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক স্যামির।
৬৯ বলে ৮টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৭৩ রান করে মাসাকাদজার বলে বোল্ড হয়ে সাজঘরের পথ ধরার আগে সপ্তম উইকেটে দীনেশ রামদিনের সঙ্গে ১০৬ রানের জুটি গড়েন তিনি।
২ উইকেটে ১৮ রান নিয়ে খেলা শুরু করে মধ্যাহ্ন-বিরতির আগেই ক্রিস গেইল, ড্যারেন ব্রাভো ও মারলন স্যামুয়েলসের বিদায়ে অস্বস্তিতে পড়ে স্বাগতিকরা। দ্বিতীয় সেশনের শুরুতেই অভিজ্ঞ শিবনারায়ণ চন্দরপলের বিদায় অতিথিদের আশাবাদী করে তুলে।
কিন্তু স্যামি ও রামদিনের শতরানের জুটি তাদের হতাশ করে ওয়েস্ট ইন্ডিজকে সুবিধাজনক অবস্থায় নিয়ে যায়।
৫৪ রানে ৫ উইকেট নিয়ে জিম্বাবুয়ের সেরা বোলার কাইল জার্ভিস। এটা তার ক্যারিয়ার সেরা বোলিংও।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে: ২১১ ও ৪১/৩ (মায়োয়ো ৯, সিবান্দা ১৫, মাসাকাদজা ১, প্রাইস ৭*, টেইলর ০*; শিলিংফোর্ড ২/৯, গ্যাব্রিয়েল ১/৭)
ওয়েস্ট ইন্ডিজ: ৩০৭ (গেইল ৪০, পাওয়েল ৫, রোচ ০, ব্রাভো ১১, স্যামুয়েলস ৫১, চন্দরপল ২৬, রামদিন ৬২, স্যামি ৭৩, শিলিংফোর্ড ১, বেস্ট ২৪, গ্যাব্রিয়েল ০*; জার্ভিস ৫/৫৪, মাসাকাদজা ২/২৫, চাতারা ২/৬৬, প্রাইস ১/৪৭)
