উজ্জীবিত ভারত, উদ্বিগ্ন অস্ট্রেলিয়া
একে তো প্রথম দুই টেস্ট হেরে সিরিজ হারের শঙ্কা। তার ওপর চার গুরুত্বপূর্ণ ক্রিকেটারের এক ম্যাচের নিষেধাজ্ঞার কারণে দলের শক্তি অনেকটাই সীমিত। বৃহস্পতিবার মোহালিতে তৃতীয় টেস্টে উজ্জীবিত ভারতের মুখোমুখি হওয়ার আগে তাই একদমই স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া।
নিষেধাজ্ঞার সিদ্ধান্তের প্রতিবাদে এরই মধ্যে দেশে ফিরে গেছেন সহ-অধিনায়ক শেন ওয়াটসন। শাস্তি পাওয়া অন্য তিন ক্রিকেটার জেমস প্যাটিনসন, মিচেল জনসন ও উসমান খাজা অবশ্য দলের সঙ্গেই আছেন। এদের সঙ্গে মোহালিতে দর্শকের ভূমিকায় দেখা যেতে পারে উইকেটরক্ষক ম্যাথু ওয়েডকেও। গোড়ালির চোটের কারণে তার তৃতীয় টেস্টে খেলা অনিশ্চিত।
এত সব প্রতিকূলতাকে পেছনে ফেলে অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক লড়াইয়ের আহ্বান জানাচ্ছেন সতীর্থদের। তিনি বলেন, “আমাদের লড়াই করতে হবে। দলে যে এখনো যথেষ্ট মেধাবী খেলোয়াড় আছে, তাতে আমার মনে কোনো সন্দেহ নেই। তাদের পক্ষে আবার আমাদের্ বিশ্বের সেরা টেস্ট দলে পরিণত করা সম্ভব।”
“দেশে এবং বিশ্ব জুড়ে কোটি-কোটি মানুষের সমর্থন আছে আমাদের। এই ভক্তদের কাছে আমরা ঋণী। মাঠে নামলেই আমরা তাই দলের প্রতি শতভাগ নিবেদিত হতে বাধ্য,” যোগ করেন ক্লার্ক।
অস্ট্রেলিয়ার পুরো বিপরীত চেহারা ভারতের। প্রথম টেস্ট ৮ উইকেট এবং দ্বিতীয় টেস্ট ইনিংস ও ১৩৫ রানে জিতে স্বাগতিকদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে।
প্রথম দুই টেস্টে ব্যর্থ বীরেন্দর শেবাগ বাদ পড়ায় মোহালিতে অভিষেক হতে পারে শিখর ধাওয়ানের। যদিও তার ওয়ানডে অভিষেক হয়েছিল প্রায় এক দশক আগে, ২০০৩ সালের এপ্রিলে ঢাকায় অনুষ্ঠিত একটি ত্রিদেশীয় সিরিজে।
