২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের হার এড়ানোর লড়াই

অধিনায়ক অ্যালিস্টার কুক ও নিক কম্পটনের শতকে নিউজিল্যান্ডের বিপক্ষে হার এড়াতে লড়ছে ইংল্যান্ড। শনিবার দ্বিতীয় ইনিংসে ২৯৩ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে তাদের ২৩১ রানের উদ্বোধনী জুটি ম্যাচ বাঁচানোর স্বপ্ন দেখাচ্ছে অতিথিদের।

রয়টার্স

.

রয়টার্স

Published : 09 Mar 2013, 06:31 AM

Updated : 23 Aug 2022, 10:21 AM

চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার ১৪ বল আগে আউট হওয়ার আগে ১১৬ রান করেন কুক। প্রথম শতকে পৌঁছানো কম্পটন ব্যাট করছেন ১০২ রানে, ‘নাইটওয়াচ ম্যান’ স্টিভেন ফিন রানের খাতা খোলেন নি।

ইংল্যান্ড দিন শেষ করেছে ১ উইকেটে ২৩৪ রানে। স্বাগতিকদের আবার ব্যাট করাতে এখনো ৫৯ রান প্রয়োজন তাদের। প্রথম ইনিংসে ১৬৭ রানে অলআউট হয়ে যাওয়ায় দ্বিতীয় ইনিংসে অনেক বেশি দায়িত্ব নিয়ে খেলতে হচ্ছে অতিথি ব্যাটসম্যাদের।

দ্বিতীয় ইনিংসে কুক-কম্পটনের ব্যাটিং ইংল্যান্ডকে শুধু নিরাপদ জায়গাতেই নেয়নি নিউজিল্যান্ডের তরুণ পেসারদের জন্য একটি বার্তাও, তিন ম্যাচের সিরিজ তাদের সামর্থ্যের একটি পরীক্ষা।

নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড উদ্বোধনী জুটি গড়ার পথে একবার সুযোগ দিয়েছিলেন কুক-কম্পটন। ৯৪ রানে ব্যাট করা কম্পটনকে রানআউটের সেই সুযোগ কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা।

এর আগে ১৯৮৪ সালে গ্রায়াম ফ্লাওয়ার ও ক্রিস টাভারে অতিথিদের বিপক্ষে ২২৩ রানের রেকর্ড উদ্বোধনী জুটি গড়েছিলেন।

ব্রুস মার্টিনের বলে ১৩তম চার হাঁকিয়ে ২৪তম টেস্ট শতকে পৌঁছান কুক। যখন মনে হচ্ছিল বিনা উইকেটেই দিন শেষ করতে পারবে অতিথিরা তখনই ঘটে ছন্দপতন। কুক ট্রেন্ট বোল্টের বলে বিজে ওয়াটলিংয়ের ক্যাচে পরিণত হলে দিনের একমাত্র সাফল্য পায় নিউজিল্যান্ড।

এর আগে ৭ উইকেটে ৪০২ রান নিয়ে দিনের খেলা শুরু করে ৯ উইকেটে ৪৬০ রানে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম তার ২৬তম অর্ধশতকে পৌঁছান স্টুয়ার্ট ব্রডকে দারুণ এক ছক্কা হাঁকিয়ে। জেমস অ্যান্ডারসনের পরের ওভারে আরো দুবার বল উড়িয়ে সীমানা পার করেন তিনি।

অধিনায়কের ৭৪ রানের আক্রমণাত্মক ইনিংস শেষ হয় ব্রডের বলে মিড উইকেটে অ্যান্ডারসনের ক্যাচে পরিণত হয়ে।

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড: ১৬৭ ও ২৩৪/১ (কুক ১১৬, কম্পটন ১০২*, ফিন ০*; বোল্ট ১/৩৪)

নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ৪৬০/৯ ডিক্লে. (ফুলটন ৫৫, রাদারফোর্ড ১৭১, উইলিয়ামসন ২৪, টেইলর ৩১, ব্রাউনলি ২৭, ম্যাককালাম ৭৪, ওয়াটলিং ০, সাউদি ২৫, মার্টিন ৪১, ওয়াগনার ৪*; অ্যান্ডারসন ৪/১৩৭, ব্রড ৩/১১৮, পানেসার ১/৮৩, ফিন ১/১০২ )