২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আশরাফুলের অর্ধশতকে লড়ছে বাংলাদেশ

মোহাম্মদ আশরাফুলের অপরাজিত অর্ধশতকে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ১৩৫ রান করেছে বাংলাদেশ। স্বাগতিকদের আবার ব্যাট করাতে এখনো ২৩৬ রান প্রয়োজন তাদের।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2013, 04:48 AM

Updated : 23 Aug 2022, 10:21 AM

তৃতীয় উইকেটে মমিনুল হকের সঙ্গে ৭০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন আশরাফুল। শ্রীলঙ্কার বিপক্ষে চারটি শতকের মালিক ডানহাতি এই ব্যাটসম্যান অপরাজিত ৬৫ রানে, তার ১০৮ বলের ইনিংসে ৭টি চার। অভিষিক্ত মমিনুল ব্যাট করছেন ৩৫ রানে।

চোট সমস্যায় এই গল টেস্টে ব্যাটিং লাইনআপ নতুন করে সাজাতে হয়েছে বাংলাদেশকে। প্রথম চার ব্যাটসম্যানেই কেউই খেলেন নি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্টে।

চার সেশনের বেশি সময় ধরে ফিল্ডিং করার পর ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ভালো হয় নি। আড়াই বছরেরও বশি সময় পরে খেলতে নেমে জহুরুল ইসলাম উদ্বোধনী ব্যাটসম্যানের নতুন ভূমিকায় প্রথম ইনিংসে ব্যর্থ।

নুয়ান কুলাসেকারার প্রথম বলে চার হাঁকিয়ে শুরুটা ভালো করলেও দলীয় ২৩ রানে জহুরুল সামিন্দা এরাঙ্গার বলে দীনেশ চান্দিমালের হাতে ধরা পরলে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

অভিষেক ইনিংসে ভীষণ সতর্ক এনামুল হকও বেশি দূর যেতে পারেন নি। অনেক দিন পর টেস্ট দলে ফেরা অজন্তা মেন্ডিসের বল জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে ব্যাট-প্যাডের ফাঁক গলে বোল্ড হওয়ার আগে ১৩ রান করেন তিনি।

এর আগে লাহিরু থিরিমান্নে ও চান্দিমালের শতকের সৌজন্যে ৪ উইকেটে ৫৭০ রানে প্রথম ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। দুই ব্যাটসম্যনই পৌঁছান তাদের প্রথম শতকে।

বাংলাদেশের বিপক্ষে এটি স্বাগতিকদের দ্বিতীয় সর্বোচ্চ রান। অতিথিদের বিপক্ষে পাঁচবার পাঁচশ রান করা শ্রীলঙ্কা ২০০৭ সালের কলম্বো টেস্টে ৬ উইকেটে ৫৭৭ রানে ইনিংস ঘোষণা করে।

শনিবার গল আন্তর্জাতিক স্টেডিয়ামে ৩ উইকেটে ৩৬১ রান নিয়ে খেলা শুরু করে শ্রীলঙ্কা। দিনের শুরুতে অতিথিদের আঁটোসাটো বোলিংয়ের বিরুদ্ধে স্বস্তিতে ছিলেন না লাহিরু থিরিমান্নে ও অ্যাঞ্জেলো ম্যাথিউস।

সুফল পেতে বেশি দেরি হয় নি। আবুল হাসানকে ফিরতি ক্যাচ দিয়ে অধিনায়ক ম্যাথিউস বিদায় নিলে দিনের একমাত্র সাফল্য পায় বাংলাদেশ। ম্যাথিউস পেসার হাসানের প্রথম টেস্ট উইকেট।

স্বাগতিকদের রান উৎসবে বাংলাদেশের ফিল্ডারদের দায়ও কম নয়। প্রথম দিনের মত দ্বিতীয় দিনও সহজ সুযোগ হাতছাড়া করে বোলারদের কাজ আরো কঠিন করে তোলেন তারা।

শুরুতে বেশ নড়বড়ে ছিলেন চান্দিমাল। এ সময় বেশ অন্তত দুটি সহজ সুযোগ দিয়েছিলেন তিনি কিন্তু সেগুলো কাজে লাগাতে পারেন নি অতিথিরা।

ব্যক্তিগত ৫ রানে হাসানের বলে গালিতে জহুরুল ও ৮ রানে শাহাদাত হোসেনের বলে ডিপ ফাইন লেগে হাসানের হাতে জীবন পান চান্দিমাল। শতক পেরুনোর পর সোহাগ গাজীর বলে লংঅনে মাহমুদুল্লাহ রিয়াদের হাতেও একবার জীবন পান তিনি।

১৫১ বলে ১২টি চার ও ২টি ছক্কায় গড়া অপরাজিত ১১৬ রানের ইনিংস খেলার পথে পঞ্চম উইকেটে থিরিমান্নের সঙ্গে ২৭৮ বলে ২০৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তিনি।

এর আগে ৭৪ রান নিয়ে দিনের খেলা শুরু করা থিরিমান্নে তার তৃতীয় অর্ধশতককে শতকে পরিণত করেন। ১৫৫ রানে অপরাজিত থাকা বাঁহাতি এই ব্যাটসম্যানের ২৫৬ বলের ইনিংসে ১৪টি চার।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৫৭০/৪ ডিক্লে. (করুনারত্নে ৪১, দিলশান ৫৪, সাঙ্গাকারা ১৪২, থিরিমান্নে ১৫৫*, ম্যাথিউস ২৭, চান্দিমাল ১১৬*; সোহাগ ৩/১৬৪, হাসান ১/১১২)

বাংলাদেশ প্রথম ইনিংস ১৩৫/২ (জহুরুল ২০, এনামুল ১৩, আশরাফুল ৬৫*, মমিনুল ৩৫*; এরাঙ্গা ১/২৫, মেন্ডিস ১/২৮)