২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কব্জির চোটে প্রথম টেস্টে নেই তামিম

কব্জির চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে দর্শক হয়েই থাকতে হচ্ছে উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2013, 03:06 PM

Updated : 23 Aug 2022, 10:20 AM

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার সময় বাঁ কব্জিতে চোট পান তামিম। গল টেস্টে খেলার জন্য কর্টিসন ইনজেকশন নিয়েছিলেন, তবুও ম্যাচ ফিট হতে না পারায় বাইরে থাকতে হয়েছে তাকে। পাঁচ বছর আগে অভিষেক হওয়ার পর টানা সাতাশ টেস্ট খেলার পর এই প্রথম বাইরে থাকলেন বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান। ২০০৭ সালের ক্যান্ডি টেস্টের পর এই প্রথম সাকিব আল হাসান ও তামিমকে ছাড়া কোনো টেস্ট খেলছে বাংলাদেশ। বিসিবির ফিজিও বিভব সিং বলেন, “দুর্ভাগ্যজনকভাবে তার জোড়ায় (রেডিয়াল আলনার) কর্টিসন ইনজেকশন দেয়ার পরও তিনি চোট অনুভব করছেন। প্রথম টেস্টের জন্য নিজেকে অপ্রস্তুতও মনে করছেন তিনি।” “শ্রীলঙ্কায় ডা. ডেভিড ইয়ংকে দেখিয়েছেন তামিম। তার চোট ব্যবস্থাপনার পরের পরামর্শগুলো তিনিই দেবেন,” যোগ করেন তিনি। ১৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া কলম্বো টেস্টের আগেই তামিমের সুস্থ হয়ে উঠার ব্যাপারে আশাবাদী বিভব সিং। তিনি বলেন, “দ্বিতীয় টেস্টের আগেই তাকে সুস্থ করার ব্যাপারে আমরা এক সঙ্গে কাজ করছি। তার দ্রুত সুস্থ হয়ে উঠার ব্যাপারে আমরা আশাবাদী।” চোটের কারণে গল টেস্টে পেসার রুবেল হোসেনকেও পায় নি অতিথিরা। শুক্রবার নাগাদ তার সুস্থ হয়ে উঠার ব্যাপারে আশাবাদী ছিলেন বিভব সিং। কিন্তু শুক্রবার ফিটনেস পরীক্ষায় উৎরাতে ব্যর্থ হওয়ায় খেলা হয়নি তারও। রুবেল না খেলায় তিন মাস আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্টে খেলা দল থেকে ছয়টি পরিবর্তন করতে হয়েছে বাংলাদেশ।