সাঙ্গাকারার শতকে বড় সংগ্রহের পথে শ্রীলঙ্কা
অফস্পিনার সোহাগ গাজীর লড়াইয়ের পরও কুমার সাঙ্গাকারার শতকের সৌজন্যে গল টেস্টে প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথে শ্রীলঙ্কা। প্রথম দিন শেষে ৩ উইকেটে ৩৬১ রান করেছে স্বাগতিকরা।
অস্ট্রেলিয়া সফরে বক্সিং ডে টেস্টে চোট পাওয়ার প্রায় তিন মাস পর টেস্ট খেলতে নেমে সাঙ্গাকারা খেলেছেন ১৪২ রানের অনবদ্য এক ইনিংস। তার ২৩৭ বলের ইনিংসে ১৬টি চার ও ৩টি ছক্কা।
অতিথিদের বিপক্ষে দেশের মাটিতে ৮ টেস্টে এটি সাঙ্গাকারার টানা তৃতীয় শতক। ২০০৭ সালে বাংলাদেশের সর্বশেষ সফরে দুই টেস্টে একটি করে দ্বি-শতক (২০০* ও ২২২* ) হাঁকিয়েছিলেন তিনি।
১১৬ টেস্টে ৩১তম এই শতকের সৌজন্যে শ্রীলঙ্কার আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনের পাশে দাঁড়ালেন তিনি। শতরানের ইনিংস খেলার পথে ভারতের কিংবদন্তী ব্যাটসম্যান সুনীল গাভাস্কারকে (১০১২২) পেছনে ফেলে টেস্টের সর্বকালের সেরা দশ রান সংগ্রহকের তালিকায়ও জায়গা করে নিয়েছেন তিনি।
তিলকারত্নে দিলশানের সঙ্গে ৬৮, দিমুথ করুনারত্নের সঙ্গে ৬৭ ও লাহিরু থিরিমান্নের সঙ্গে ১২৪ রানের কার্যকর তিনটি জুটি গড়ে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেয়া সাঙ্গাকারা একবার জীবন পেয়েছেন। ব্যক্তিগত ১১১ রানে সোহাগের বলে এগিয়ে এসে মারতে গিয়ে মিডঅনে মোহাম্মদ আশরাফুলকে ক্যাচ দিয়েও বেঁচে যান বাঁহাতি এই ব্যাটসম্যান।
পরে শট কাভারে জহুরুল ইসলামের ক্যাচে পরিণত করে সোহাগই ফিরিয়েছেন বাংলাদেশের বিপক্ষে ১২ টেস্টে এক হাজারের বেশি রান করা সাঙ্গাকারাকে। প্রথম ব্যাটসম্যান হিসেবে বাংলাদেশের বিপক্ষে টেস্টে হাজার রান করার কৃতিত্ব তারই।
এর আগে গল আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কাকে আক্রমণাত্মক সূচনা এনে দেন দিলশান। করুনারত্নে নবম ওভারে দলীয় ৪৬ রানে কনুইয়ে আঘাত পেয়ে মাঠ ছাড়লেও দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন তিনি।
অর্ধশতকে পৌঁছানোর পর সোহাগের বল এগিয়ে এসে মারতে গিয়ে মিডঅফে মমিনুল হকের ক্যাচে পরিণত হয়ে দিলশান (৫৪) বিদায় নিলে প্রথম সাফল্য পায় অতিথিরা। তার বিদায়ের পর আবার মাঠে নামেন করুনারত্নে। এলবিডব্লিউর ফাঁদে পড়ে সোহাগের দ্বিতীয় শিকারে পরিণত হওয়ার আগে ৪১ রান করেন তিনি।
তৃতীয় অর্ধশতকে পৌঁছানো থিরিমান্নে ৭৪ ও অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস ২৫ রানে ব্যাট করছেন। চতুর্থ উইকেটে ৫৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন তারা।
১০১ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার সোহাগ।
প্রথম টেস্টে বাংলাদেশ দলে নেই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল। অভিষেক হয়েছে এনামুল হক বিজয় ও মমিনুল হকের। অন্য দিকে স্বাগতিক দলে অভিষেক হয়েছে কিথুরুয়ান ভিথাঙ্গের।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৩৬১/৩ (করুনারত্নে ৪১, দিলশান ৫৪, সাঙ্গাকারা ১৪২, থিরিমান্নে ৭৪*, ম্যাথিউস ২৫*; সোহাগ ৩/১০১)
