জয়ের প্রত্যয় বাংলাদেশের
গলে শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায়। প্রথম টেস্ট জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম।
বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি বলেন, “শ্রীলঙ্কা শক্তিশালী দল, তবে তাদের হারানো অসম্ভব নয়। আমাদের তরুণ ক্রিকেটাররা ভালো খেলেই দলে এসেছে। তারা মাঠে নিজেদের সেরাটা ঢেলে দিতে পারলে সিরিজটা যে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, সে ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।”
টেস্ট ক্রিকেটে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের অতীত রেকর্ড অবশ্য খুবই খারাপ। এর আগের ১২টি টেস্টের সবগুলোতেই হেরেছে বাংলাদেশ। শ্রীলঙ্কা সফরে তো অবস্থা আরো খারাপ। শ্রীলঙ্কার মাটিতে আগের ৮টি টেস্টের ৭টিতেই ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
তবে এবারের শ্রীলঙ্কা সফর ভালো করার সাহস জোগাচ্ছে মুশফিকের দলকে। সর্বকালের অন্যতম সেরা স্পিনার মুত্তিয়া মুরালিধরনের অনুপস্থিতি তার অন্যতম কারণ। টেস্টে রেকর্ড ৮০০ উইকেট নেয়া ‘মুরালি’ বাংলাদেশের বিপক্ষে ১১ টেস্টে নিয়েছেন ৮৯ উইকেট। টেস্ট থেকে অবসর নেয়ায় ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গাকেও পাচ্ছে না স্বাগতিকরা।
চোটের কারণে মাহেলা জয়াবর্ধনে ও বুধবার অবসর নেয়া থিলান সামারাবীরার অনুপস্থিতির কারণে শ্রীলঙ্কার ব্যাটিংও অপেক্ষাকৃত দুর্বল।
একমাত্র প্রস্তুতি ম্যাচে শতক করা মোহাম্মদ আশরাফুলের প্রথম টেস্টে তিন নম্বরে ব্যাট করতে নামার জোরালো সম্ভাবনা। তামিম ইকবালের সঙ্গে উদ্বোধনী ব্যাটসম্যান হিসাবে নামতে পারেন জহুরুল ইসলাম। প্রস্তুতি ম্যাচে মাত্র ৬ রান করা এনামুল হক বিজয়কে টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকতে হতে পারে।
তবে প্রস্তুতি ম্যাচে ৯৯ রান করা বাঁহাতি ব্যাটসম্যান মমিনুল হকের অভিষেক প্রায় নিশ্চিত। প্রস্তুতি ম্যাচে পানিশূন্যতার কারণে ৬ ওভারের বেশি মাঠে থাকতে পারেননি পেসার আবুল হাসান। তিনি না খেললে রুবেল হোসেনের সঙ্গে দ্বিতীয় পেসার হিসেবে দেখা যেতে পারে শাহাদাত হোসেনকে।
শুক্রবার নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে শ্রীলঙ্কার ক্রিকেটে। টেস্টে প্রথম বারের মতো শ্রীলঙ্কানদের নেতৃত্ব দিতে যাচ্ছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। ২৫ বছর বয়সী এই অলরাউন্ডার দেশটির সর্বকনিষ্ঠ টেস্ট অধিনায়কও বটে।
ম্যাথিউস বলেন, “অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়ে ভারসাম্য স্থাপনই আমাদের দলের জন্য এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি নিশ্চিত, তরুণরা সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করবে। তবে বাংলাদেশ এখানে ভালো খেলতে এসেছে। আমরা তাই তাদের হালকাভাবে নিতে পারি না।”
স্বাগতিকদের জন্য সুখবর, চোট কাটিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান ও সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা।
