২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবসর নিলেন সামারাবীরা

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ঘোষিত দলে রাখা হয়নি থিলান সামারাবীরাকে। সেই ‘অভিমানে’ই অবসরের ঘোষণা দিয়েছেন শ্রীলঙ্কার এই অভিজ্ঞ ব্যাটসম্যান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2013, 06:10 PM

Updated : 23 Aug 2022, 10:20 AM

বুধবার সাংবাদিকদের নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বলেন, “বাংলাদেশের বিপক্ষে ঘোষিত দল থেকে বাদ পড়ার কথা শুনে আমি হতবাক হয়ে গিয়েছিলাম।”

সামারাবীরাকে অবশ্য সিদ্ধান্ত পূনর্বিবেচনা করার অনুরোধ করেছিলেন শ্রীলঙ্কার নির্বাচকেরা। তারা জানিয়েছিলেন, এ বছরের শেষ দিকে পাকিস্তান সফরে তাকে প্রয়োজন হতে পারে।

কিন্তু সেই অনুরোধে সাড়া দেননি ৩৬ বছর বয়সী সামারাবীরা। তিনি বলেন, “আরো ৯ মাস অপেক্ষা করার কোনো মানে হয় না। আমি নির্বাচকদের উদীয়মান ক্রিকেটারদের সুযোগ দেয়ার সিদ্ধান্তকে সম্মান জানাই। এবং আমার অবসরের সিদ্ধান্ত নেয়ার এটাই সঠিক সময়।” সামারাবীরা সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ২০১১ সালের ২ এপ্রিল, ভারতের বিপক্ষে গত বিশ্বকাপের ফাইনালে। টেস্ট ক্রিকেটে অবশ্য শ্রীলঙ্কা দলের নিয়মিত সদস্য ছিলেন তিনি। গত ডিসেম্বর-জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফরে সবগুলো টেস্ট খেলেছিলেন। তবে তিন টেস্টের ঐ সিরিজে ছিলেন চরম ব্যর্থ। ৬ ইনিংসে মাত্র ৭৯ রান আসে তার ব্যাট থেকে। ৮১ টেস্টে ১৪টি শতক ও ৩০টি অর্ধশতকসহ ৪৮.৭৬ গড়ে ৫,৪৬২ রান করেছেন সামারাবীরা। ৫৩ ওয়ানডেতে দুটি শতকসহ ২৭.৮০ গড়ে তার রান ৮৬২।