সুযোগের অপেক্ষায় মোশাররফ
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল-বড় দৈর্ঘ্য) ফাইনালে বিসিবি নর্থ জোনকে ৩১ রানে হারানোর পর তিনি বলেন, “প্রতিটি মৌসুমে ধারাবাহিকভাবে ভালো খেলছি। সব মৌসুমেই ৭০/৮০ উইকেট নিয়েছি।”
“সুযোগ এলে, আমি প্রস্তুত। প্রতিটি টুর্নামেন্টে সেরা পারফরমারদের তালিকায় থাকি। আমি আমার মতো করে পারফরম করে যাচ্ছি। টিম কম্বিনেশন বা অন্য কোনো কারণে দলে আসতে পারছি না। হয়ত আমাকে আরেকটু উন্নতি করবে হবে, পারফরম্যান্স আরেকটু ভালো করতে হবে,” যোগ করেন তিনি।
সাড়ে তিন বছর পর দলে ফেরা এনামুল হক জুনিয়রের সঙ্গে মোশাররফের নামও নির্বাচকদের ভাবনায় ছিল। এটা তাকে স্বপ্ন দেখাচ্ছে জানিয়ে সেন্ট্রাল জোনের অধিনায়ক বলেন, “নির্বাচকদের সঙ্গে কথা হয়নি, পত্রিকায় পড়েছি আমিও তাদের ভাবনায় ছিলাম।”
তিনি আরো বলেন, “এর আগেও আন্তর্জাতিক ক্রিকেট খেলেছি। বিসিএল আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট। এখানে পারফরম করা এতো সহজ নয়।”
বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলার সময়ই চোট পেয়েছিলেন এনামুল। সোমবার অনুশীলন শুরুর সময় আবার হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। এনামের জন্য তিন দিন অপেক্ষা করবেন বলে জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম।
দলকে প্রথম আসরের শিরোপা এনে দেয়ার পর ভীষণ রোমাঞ্চিত মোশাররফ বলেন, “জয়ের ব্যাপারে শুরু থেকেই আত্মবশ্বাসী ছিলাম। ঘরোয়া ক্রিকেটে এখনো যে কোনো দলের চাপে থেকে লক্ষ্য তাড়া করে জেতা খুব কঠিন। তাই চাপ ছিল ওদের ওপরেই। আমাদের দরকার ছিল পাঁচটা ভালো বল।”
