২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চেন্নাইয়ে টেন্ডুলকারের ঝলক

শচীন টেন্ডুলকারের দৃঢ়তায় চেন্নাইয়ে প্রথম টেস্টে ভালোই লড়ছে ভারত। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৩৮০ রানের জবাবে শনিবার দ্বিতীয় দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৩ উইকেটে ১৮২ রান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2013, 01:56 PM

Updated : 23 Aug 2022, 10:15 AM

টেন্ডুলকার ব্যাট করছেন ৭১ রান নিয়ে। তার সঙ্গে থাকা বিরাট কোহলি ৫০ রানে অপরাজিত।

চিপকের এম এ চিদাম্বরম স্টেডিয়ামের সঙ্গে টেন্ডুলকারের অনেক সুখস্মৃতি জড়িয়ে। এখানে আগের ৯ টেস্টে ৫টি শতকসহ ৮৭৬ রান করেছিলেন তিনি। ২০০৮ সালের ডিসেম্বরে চেন্নাইয়ে সর্বশেষ টেস্টে তার অপরাজিত ১০৩ রান ইংল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটের জয় এনে দিয়েছিল ভারতকে।

শনিবারও সেই চেন্নাইয়ে জ্বলে ওঠেন টেস্ট-ওয়ানডে দুটোতেই সবচেয়ে বেশি রান ও শতকের মালিক।

যদিও তিনি ব্যাট করতে নামার সময় জেমস প্যাটিনসনের তোপে ১২ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারিয়ে ভীষণ অস্বস্তিতে ছিল ভারত।

 

তবে টেন্ডুলকারের পাল্টা আক্রমণে অস্বস্তিতে দূর হতে সময় লাগেনি। মুখোমুখি হওয়া প্রথম চার বলের তিনটিকেই সীমানার বাইরে পাঠিয়ে দেন ক্রিকেটের মহাতারকা। এর মধ্যে দুটি চার ছিল সোজা ব্যাটে অফ সাইড দিয়ে, অন্যটি দুর্দান্ত গ্ল্যান্সে ফাইন-লেগ দিয়ে।

চেতেশ্বর পুজারার সঙ্গে টেন্ডুলকারের ৯৩ রানের তৃতীয় উইকেট জুটি ভারতকে শুরুর বিপদ কাটিয়ে উঠতে সাহায্য করে।

প্যাটিনসনের ‍তৃতীয় শিকারে পরিণত হয়ে পুজারা ফিরে যাওয়ার পর টেন্ডুলকার-কোহলির অবিচ্ছিন্ন ৭৭ রানের জুটির সুবাদে স্বস্তি নিয়ে দিন শেষ করে ভারত।

টেন্ডুলকারের ১২৮ বলের ইনিংসে ৬টি চার। ৮৪ বল খেললেও কোহলি চার মেরেছেন একটি বেশি।

এর আগে ৭ উইকেটে ৩১৬ রান নিয়ে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়াকে পৌনে চার শ’র ওপরে নিয়ে যেতে সবচেয়ে বড় অবদান ছিল মাইকেল ক্লার্কের।

আগের দিন শেষে ১০৩ রানে অপরাজিত অস্ট্রেলিয়ার অধিনায়কের ব্যাট থেকে আসে ১৩০ রান। ২৪৬ বলের দারুণ ইনিংসটিতে ১২টি চার ও একটি ছক্কা।

টেস্ট-জীবনের সেরা বোলিং করা রবিচন্দ্রন অশ্বিনের শিকার ৭টি।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস : ৩৮০ (কাওয়ান ২৯, ওয়ার্নার ৫৯, হিউজ ৬, ওয়াটসন ২৮, ক্লার্ক ১৩০, ওয়েড ১২, হেনরিক্স ৬৮, স্টার্ক ৩, সিডল ১৯, প্যাটিনসন ১৫*, লিয়ন ৩; অশ্বিন ৭/১০৩, জাদেজা ২/৭১, হরভজন ১/৮৭)

ভারত প্রথম ইনিংস: ১৮২/৩ (বিজয় ১০, শেবাগ ২, পুজারা ৪৪, টেন্ডুলকার ৭১*, কোহলি ৫০*; প্যাটিনসন ৩/২৫)